Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

সন্তানরা বাড়ি ছেড়েছে, কিন্তু ‘মিস করি না’ মিশেল ওবামার মন্তব্যে তুমুল আলোচনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম

সন্তানরা বাড়ি ছেড়েছে, কিন্তু ‘মিস করি না’ মিশেল ওবামার মন্তব্যে তুমুল আলোচনা

বিজ্ঞাপন

সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, বড় হয়ে দুই মেয়ে মালিয়া ও সাশা বাড়ি ছেড়ে যাওয়ার পর তাদের খুব একটা মিস করেন না। ২৬ আগস্ট প্রকাশিত ‘আইএমও’ পডকাস্টের এক পর্বে কমেডিয়ান জন স্টুয়ার্টের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মিশেল অবশ্য পরিষ্কার করে বলেন, মেয়েদের তিনি ভালোবাসেন এবং তাদের সঙ্গে নিয়মিত দেখা করেন। এমনকি ওই দিন রাতেই তাদের সঙ্গে ডিনারে দেখা করার কথা ছিল তার। তিনি বলেন, সন্তানরা কলেজে যাওয়ার সময় স্বামী ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, কিন্তু তার নিজের প্রতিক্রিয়া ছিল অনেকটা ভিন্ন।

মিশেলের ভাষ্য, মেয়েরা বাড়িতে থাকার সময় শুক্রবার রাতগুলোতে তাদের কোথায় আছে, কখন ফিরবে, নিরাপদে আছে কি না, এসব নিয়ে দুশ্চিন্তা করতে হতো। এখন সেই চাপ নেই। বরং মেয়েদের বড় হয়ে নিজেদের জীবন তৈরি করতে দেখে তিনি খুশি।

মিশেল ও বারাক ওবামার দুই মেয়ে মালিয়া ও সাশা। মালিয়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ২০২১ সালে পড়াশোনা শেষ করেন এবং পরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত হন। সাশা ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ২০২৩ সালে স্নাতক সম্পন্ন করেন।

পডকাস্টে মিশেল আরও বলেন, সন্তানদের সঙ্গে তার দীর্ঘ সময় কাটানোর সুযোগ হয়েছে এবং তিনি তাদের খুব ভালোভাবে জানেন। এখন মেয়েরা নিজেদের মতো করে বড় হয়েছে, সেটি তিনি উপভোগ করছেন।

মিশেলের মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ তার কথাকে সন্তানদের বড় হয়ে স্বাধীন জীবন শুরু করার স্বাভাবিক বাস্তবতা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, সন্তানদের বাড়ি ছেড়ে যাওয়ার পর তাদের না মিস করার অনুভূতির সঙ্গে তারা একমত নন।

তবে মিশেলের বক্তব্যের মূল বিষয় ছিল সন্তানদের প্রতি ভালোবাসার অভাব নয়। বরং সন্তানদের প্রাপ্তবয়স্ক হয়ে নিজেদের জীবন গড়ে তোলার পর একজন মায়ের জীবনে যে নতুন স্বাধীনতা ও পরিবর্তন আসে, সেটিই তিনি তুলে ধরেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার