বিজ্ঞাপন
৯/১১-এর ২৫ বছর পর ট্রাম্পের দাবি, ‘গ্রাউন্ড জিরো থেকে আমাকে উদ্ধার করেছিলেন দমকলকর্মীরা’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা নাইন-ইলেভেনের (৯/১১) আসন্ন ২৫তম বার্ষিকী উপলক্ষে হোয়াইট হাউসের নিকটবর্তী এলিপসে বক্তব্য দেওয়ার সময় নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবারের ওই অনুষ্ঠানে তিনি নিজের প্রশাসনের অর্থনৈতিক সাফল্যের প্রশংসার পাশাপাশি দাবি করেন, হামলার পরপরই তিনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসস্তূপে (গ্রাউন্ড জিরো) উপস্থিত ছিলেন।
সেখানে ধসে পড়ার ঝুঁকিতে থাকা একটি ভবন থেকে দুজন শক্তিশালী দমকলকর্মী তাকে আক্ষরিক অর্থেই তুলে নিয়ে দৌড়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিলেন।
ভাষণে ট্রাম্প দাবি করেন, হামলার পরপর তিনি যখন ঘটনাস্থলে ছিলেন, তখন কাছাকাছি থাকা ইউএস স্টিল বিল্ডিংটি মারাত্মকভাবে মড়মড় শব্দ করছিল এবং সবার ধারণা ছিল সেটি যেকোনো মুহূর্তে ধসে পড়বে।
ঠিক তখনই দুজন বিশালদেহী দমকলকর্মী তাকে বগলদাবা করে তুলে নিয়ে দৌড়াতে শুরু করেন। ট্রাম্প বলেন, "আমি তাদের বলেছিলাম আমি নিজেই দৌড়াতে পারি, কিন্তু তারা ছিলেন অসাধারণ।"
শুধু তাই নয়, নিজের নির্মাণাধীন প্রকল্প থেকে উদ্ধারকর্মীদের একটি বড় দল পাঠিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। যদিও সেদিনের প্রথম সাড়াদানকারী উদ্ধারকর্মীরা বরাবরই বলে আসছেন, তারা কখনোই ট্রাম্পকে সেখানে দেখেননি।
২০১৬ সালের নির্বাচনি প্রচারণাতেও তিনি এমন একটি গল্প শুনিয়েছিলেন। সমালোচকদের মতে, প্রতি বছরই হামলার বার্ষিকী এলেই নিজেকে এই মর্মান্তিক ঘটনার সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করেন তিনি।
ভাষণের শেষের দিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দাবি করেন যে, শেয়ার বাজার ও কর্মসংস্থানের দিক থেকে দেশটি এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আগামী শুক্রবার হামলার মূল বার্ষিকীতে তিনি পেন্টাগনে আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখবেন।
তবে নিউইয়র্কের গ্রাউন্ড জিরোতে চার সাবেক মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে যে প্রধান স্মরণসভাটি অনুষ্ঠিত হবে, সেখানে তিনি যোগ দেবেন না। তার পরিবর্তে সেখানে উপস্থিত থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।