Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ভিসা বুলেটিনে সুখবর, বাংলাদেশিদের কয়েকটি ক্যাটাগরিতে অগ্রগতি

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম

যুক্তরাষ্ট্রের ভিসা বুলেটিনে সুখবর, বাংলাদেশিদের কয়েকটি ক্যাটাগরিতে অগ্রগতি

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সেপ্টেম্বর ২০২৬ সালের ভিসা বুলেটিনে বাংলাদেশি আবেদনকারীদের জন্য একাধিক পরিবারভিত্তিক ও চাকরিভিত্তিক অভিবাসী ভিসা শ্রেণিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশেষ করে এফ-১, এফ-২এ, এফ-২বি, এফ-৩ ও এফ-৪ শ্রেণিতে অগ্রাধিকারের তারিখ এগিয়েছে। বাংলাদেশকে আলাদা কোনো দেশের তালিকায় রাখা হয়নি। তাই বাংলাদেশি আবেদনকারীদের জন্য প্রযোজ্য হয়েছে আলাদাভাবে তালিকাভুক্ত নয় এমন দেশগুলোর সাধারণ শ্রেণির তারিখ।

আগস্টের তুলনায় এফ-১ শ্রেণিতে চূড়ান্ত সিদ্ধান্তের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে এগিয়ে ২২ জানুয়ারি ২০২০ হয়েছে। অর্থাৎ প্রায় ১৩ মাসের বেশি অগ্রগতি হয়েছে। এই শ্রেণিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত ছেলে-মেয়েরা অন্তর্ভুক্ত।

এফ-২এ শ্রেণিতেও অগ্রগতি হয়েছে। আগস্টে যেখানে তারিখ ছিল ২২ জুলাই ২০২৬, সেপ্টেম্বরে তা এগিয়ে হয়েছে ২২ আগস্ট ২০২৬। এই শ্রেণিতে স্থায়ী বাসিন্দাদের স্বামী বা স্ত্রী এবং অবিবাহিত সন্তানরা অন্তর্ভুক্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেপ্টেম্বরের আবেদন জমা দেওয়ার তারিখের তালিকায় এফ-২এ শ্রেণি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

এফ-২বি শ্রেণিতে আগস্টের ১ জানুয়ারি ২০১৮ থেকে তারিখ এগিয়ে ২২ আগস্ট ২০১৯ হয়েছে। এফ-৩ শ্রেণিতে ১৫ মে ২০১২ থেকে এগিয়ে ২২ অক্টোবর ২০১৪ এবং এফ-৪ শ্রেণিতে ১ সেপ্টেম্বর ২০০৯ থেকে এগিয়ে ২২ অক্টোবর ২০১১ হয়েছে। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে দীর্ঘদিন অপেক্ষায় থাকা আবেদনকারীদের জন্য কয়েক বছর পর্যন্ত অগ্রগতি দেখা গেছে।

চাকরিভিত্তিক অভিবাসী ভিসার ক্ষেত্রেও বাংলাদেশিদের জন্য পরিস্থিতি ইতিবাচক। প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং পঞ্চম শ্রেণির সাধারণ অংশে সেপ্টেম্বরে ভিসা নম্বর পাওয়ার সুযোগ সবার জন্য উন্মুক্ত রয়েছে। তৃতীয় শ্রেণির চূড়ান্ত সিদ্ধান্তের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৪ অপরিবর্তিত রয়েছে। চতুর্থ শ্রেণির তারিখ আগস্টের ১৫ অক্টোবর ২০২২ থেকে এগিয়ে ১৫ ডিসেম্বর ২০২২ হয়েছে।

তবে ভিসা বুলেটিনে তারিখ এগিয়ে যাওয়াকে সরাসরি ভিসা পাওয়া নিশ্চিত হয়েছে বলে ধরে নেওয়া যাবে না। একজন আবেদনকারীর অগ্রাধিকারের তারিখ সংশ্লিষ্ট চূড়ান্ত সিদ্ধান্তের তারিখের আগের হতে হবে। এছাড়া আবেদনকারীর কাগজপত্র, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।

এবারের বুলেটিনে কেন এত অগ্রগতি হয়েছে, তারও ব্যাখ্যা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিভিন্ন দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার হার কমে যাওয়ায় ২০২৬ অর্থবছরে অন্য দেশগুলোর আবেদনকারীদের জন্য বরাদ্দ থাকা ভিসা সংখ্যা ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। এর ফলে সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন অভিবাসী ভিসা শ্রেণির তারিখ এগিয়ে দেওয়া হয়েছে। তবে আবেদনকারীর সংখ্যা বাড়লে ভবিষ্যতে এসব তারিখ আবার পিছিয়েও যেতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের জন্য আরেকটি ইতিবাচক পরিবর্তন হলো, জানুয়ারি ২০২৬ সালে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর যে সাময়িক স্থগিতাদেশ জারি করা হয়েছিল, আদালতের আদেশের পর ২১ আগস্ট থেকে সেটি আর কার্যকর নেই। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকরা আবেদন জমা দিতে এবং সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।

সব মিলিয়ে সেপ্টেম্বরের ভিসা বুলেটিন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের জন্য বেশ ইতিবাচক। বিশেষ করে পরিবারভিত্তিক একাধিক শ্রেণিতে অগ্রাধিকারের তারিখ কয়েক বছর পর্যন্ত এগিয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা অনেক পরিবারের জন্য সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে প্রত্যেক আবেদনকারীর ক্ষেত্রে নিজের অগ্রাধিকারের তারিখ এবং সংশ্লিষ্ট ভিসা শ্রেণির সর্বশেষ তারিখ মিলিয়ে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার