Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে পরোক্ষ ধূমপানের ভয়াবহ প্রভাব, বছরে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম

বিশ্বজুড়ে পরোক্ষ ধূমপানের ভয়াবহ প্রভাব, বছরে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু

বিজ্ঞাপন

বিশ্বজুড়ে পরোক্ষ ধূমপানের ভয়াবহ প্রভাবে প্রতি বছর প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু হচ্ছে। ২০২৩ সালে বিশ্বের ২ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ পরোক্ষ ধূমপানের সংস্পর্শে এসেছেন। তাদের মধ্যে শূন্য থেকে ১৪ বছর বয়সী শিশু ছিল প্রায় ৭৬ কোটি ৭০ লাখ। দ্য ল্যানসেট সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

গবেষণায় বলা হয়েছে, তামাক বিশ্বজুড়ে বিভিন্ন রোগের অন্যতম প্রধান কারণ হিসেবে রয়ে গেছে। ২০২৩ সালে ধূমপানজনিত রোগে মারা যাওয়া আনুমানিক ৮০ লাখ মানুষের মধ্যে এমন অনেক অধূমপায়ীও ছিলেন, যারা পরোক্ষ ধূমপানের শিকার হয়েছেন। প্রতিবেদনে পরোক্ষ ধূমপানের সংস্পর্শকে বিশ্বব্যাপী স্বীকৃত স্বাস্থ্যঝুঁকি হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, পরোক্ষ ধূমপানের সংস্পর্শের কোনো নিরাপদ মাত্রা নেই।

১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্বের ২০৪টি দেশ ও ভূখণ্ডে পরোক্ষ ধূমপানের প্রাদুর্ভাব এবং এর ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকির পরিমাণ নির্ধারণ করতে গবেষণাটি করা হয়েছে। এ জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের পাবমেড ডাটাবেস এবং জনসংখ্যা জরিপের তথ্য পর্যালোচনা করা হয়েছে। গবেষণায় ২০২৩ সালে পরোক্ষ ধূমপানের সংস্পর্শে আসা মানুষের সংখ্যা এবং এর সঙ্গে সম্পর্কিত স্বাস্থ্যঝুঁকির বিষয়গুলো বিশ্লেষণ করা হয়।

গবেষণায় ধারণা করা হয়েছে, ২০২৩ সালে পরোক্ষ ধূমপানের কারণে ১৬ লাখ ৬০ হাজার অকালমৃত্যু ঘটেছে। একই সঙ্গে এটি অকাল পঙ্গুত্ব ও বিভিন্ন রোগের কারণ হয়েছে। এসব রোগের মধ্যে হৃদপিণ্ডের পেশিতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের অভাবে সৃষ্ট ইসকেমিক হার্ট ডিজিজও রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালে পরোক্ষ ধূমপানের কারণে আনুমানিক ৫২ লাখ শিশুর শ্বাসনালির সংক্রমণ হয়েছে।

গবেষণায় ব্যাখ্যা করা হয়েছে, ধূমপায়ীর কাছাকাছি থাকা ব্যক্তিরা একই সময়ে দুটি উৎস থেকে ধোঁয়ার সংস্পর্শে আসেন। এর একটি হলো তামাকজাত পণ্য পোড়ার ফলে সরাসরি নির্গত ধোঁয়া, যাকে সাইডস্ট্রিম স্মোক বলা হয়। অন্যটি হলো ধূমপায়ীর বুক থেকে বের হওয়া ধোঁয়া। গবেষণার তথ্য অনুযায়ী, সাইডস্ট্রিম স্মোক বা তামাকজাত পণ্য পোড়ার সরাসরি ধোঁয়াই সাধারণত অধূমপায়ীদের নেওয়া বাতাসের অধিকাংশ অংশজুড়ে থাকে।

এই ধোঁয়া ফিল্টার করা থাকে না। ফলে এতে ধূমপায়ী নিজে যে ধোঁয়া গ্রহণ করেন, তার চেয়েও বেশি ঘনত্বের বিষাক্ত ও ক্যান্সার সৃষ্টিকারী উপাদান থাকে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। এর ফলে ধূমপান না করেও আশপাশে থাকা মানুষ পরোক্ষ ধূমপানের মাধ্যমে স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েন।

গবেষণায় আরও দেখা গেছে, ১৯৯০ সাল থেকে বিশ্বজুড়ে ধূমপানের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে জনসংখ্যা বৃদ্ধি এবং আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে পরোক্ষ ধূমপানের প্রকোপ বেড়ে যাওয়ায় এর সংস্পর্শে আসা মানুষের মোট সংখ্যা অপরিবর্তিতই রয়েছে। অর্থাৎ ধূমপানের হার কমলেও পরোক্ষ ধূমপানের সংস্পর্শে আসা মানুষের মোট সংখ্যা একইভাবে কমেনি।

নারীরাও পরোক্ষ ধূমপানের মাধ্যমে আনুপাতিক হারের চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। বিশেষ করে যেসব অঞ্চলে নারীদের মধ্যে ধূমপানের হার কম, সেখানে পরোক্ষ ধূমপানের প্রভাব বেশি দেখা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, পরোক্ষ ধূমপানের এই বড় ঝুঁকি থাকা সত্ত্বেও নারীদের স্বাস্থ্যের জন্য এটি অন্যতম বড় হুমকি হিসেবে খুব কমই স্বীকার বা আলোকপাত করা হয়।

নারী ও শিশুদের পরোক্ষ ধূমপানের হাত থেকে আরও কার্যকরভাবে রক্ষার জন্য জনপরিসর এবং বাসাবাড়িতে আরও কঠোর তামাক নিয়ন্ত্রণ নীতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে গবেষণাটি। গবেষণায় পরোক্ষ ধূমপানের সংস্পর্শে আসা মানুষের সংখ্যা, এর সঙ্গে সম্পর্কিত অকালমৃত্যু, শিশুদের শ্বাসনালির সংক্রমণ এবং নারী ও শিশুদের ওপর এর প্রভাব তুলে ধরা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার