বিজ্ঞাপন
শরীরজুড়ে ‘অস্বাভাবিক’ কালশিটে, পরীক্ষা করাতেই জানা গেল প্রাণঘাতী রোগ!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ৪০ বছর বয়সী রিস উইলার্ড প্রথমে বুঝতেই পারেননি, তার শরীরে ধীরে ধীরে বাসা বাঁধছে গুরুতর এক রোগ। কয়েক মাস ধরে ক্লান্তি, রাতে অতিরিক্ত ঘাম ও দ্রুত ওজন কমার মতো উপসর্গ দেখা দিলেও সেগুলোকে খুব একটা গুরুত্ব দেননি তিনি। কিন্তু হঠাৎ শরীরজুড়ে বড় বড় কালশিটে দেখা দেওয়ার পর রক্ত পরীক্ষা করাতেই সামনে আসে ভয়ংকর সত্য—তিনি অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ায় (এএমএল) আক্রান্ত।
ডালাসে স্ত্রী সারাহ উইলার্ড ও মেয়েকে নিয়ে থাকেন রিস। কয়েক সপ্তাহ ধরে প্রচণ্ড ক্লান্তিতে ভুগছিলেন তিনি। রাতে তাড়াতাড়ি ঘুমাতে গেলেও ক্লান্তি কাটছিল না। পরে শুরু হয় রাতে অতিরিক্ত ঘাম, দ্রুত ওজন কমে যাওয়া এবং ত্বকে ছোট ছোট লাল দাগ।
শুরুতে এসব উপসর্গ খুব একটা গুরুতর মনে হয়নি। একদিন রিসের শরীরের পাশে বেশ কিছু লাল দাগ দেখতে পান তার স্ত্রী। গ্লাস দিয়ে চাপ দিয়ে দেখে ওই জায়গার ছবি তোলেন তিনি। পরে ছবিটি চ্যাটজিপিটিতে দিলে সেটি দাগগুলোকে ‘পিটেকিয়া’ হতে পারে বলে জানায়। ছোট রক্তনালি থেকে ত্বকের নিচে রক্তক্ষরণ হলে এমন লাল দাগ দেখা দিতে পারে।
তবে তখনও বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তিত হননি তারা। পরিস্থিতি বদলে যায় প্রায় ছয় সপ্তাহ পর।
রিস নিয়মিত হাঁটাহাঁটি ও আউটডোর কার্যক্রম করতে পছন্দ করেন। একবার ২৭ মাইল বা প্রায় ৪৩ কিলোমিটার হাঁটার পর বাড়ি ফিরে তার শরীরজুড়ে বিশাল বিশাল কালশিটে দেখতে পান সারাহ। মুষ্টির সমান আকারের এসব কালশিটে ছিল তার হাত, পা ও শরীরের বিভিন্ন অংশে।
সারাহ বলেন, এতটা শারীরিক পরিশ্রমের পরও এমন কালশিটে হওয়া স্বাভাবিক নয়। তখনই বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন হয়ে পড়েন।
এরপর আগের চ্যাটজিপিটি কথোপকথনে রিসের নতুন উপসর্গের কথা জানান সারাহ। এবার দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
রিস হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকেরা তার সম্পূর্ণ রক্ত পরীক্ষা করেন। পরীক্ষার ফল হাতে পেয়েই তারা বুঝতে পারেন, পরিস্থিতি গুরুতর। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করে আরও পরীক্ষা শুরু করা হয়। পরদিন একজন ক্যানসার বিশেষজ্ঞ রিসকে জানান, তার শ্বেত রক্তকণিকার ৮৭ শতাংশই মাইলোব্লাস্ট। এটি লিউকেমিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। পরে বোন ম্যারো বা অস্থিমজ্জার পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়, রিস অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ায় আক্রান্ত।
এএমএল একটি দ্রুতগতির রক্তের ক্যানসার। এই রোগে ক্লান্তি, জ্বর, ওজন কমে যাওয়া ও রাতে ঘামের মতো উপসর্গ দেখা দিতে পারে। রক্তের বিভিন্ন কোষের মাত্রা কমে গেলে সহজেই কালশিটে পড়া, বারবার সংক্রমণ ও শ্বাসকষ্টও হতে পারে।
রিসকে পরে বেইলর ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে আরও পরীক্ষা-নিরীক্ষার পর শুরু হয় চিকিৎসা। একপর্যায়ে তিনি সেপটিক শকেও আক্রান্ত হন। এএমএলের চিকিৎসায় তাকে অত্যন্ত শক্তিশালী কেমোথেরাপি দেওয়া হয়। এতে তার রক্তের বিভিন্ন উপাদানের মাত্রা আরও কমে যায় এবং প্রচণ্ড ক্লান্তি ও শ্বাসকষ্ট দেখা দেয়। তবে চিকিৎসায় সাড়া দিয়েছেন রিস। বর্তমানে তিনি গভীর রেমিশনে রয়েছেন এবং ধীরে ধীরে তার রক্তের মাত্রা স্বাভাবিকের দিকে ফিরছে।
টানা ৩০ দিন হাসপাতালে থাকার পর অবশেষে বাড়ি ফেরেন তিনি। এক মাস পর স্বামীকে হাসপাতাল থেকে বের হতে দেখে আবেগ ধরে রাখতে পারেননি সারাহ।
এই অভিজ্ঞতার পর রিসের জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গিও বদলে গেছে। নিজের গল্প শেয়ার করে তিনি অন্যদের শরীরের অস্বাভাবিক পরিবর্তনকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার পরামর্শ, জীবনের ব্যস্ততার মধ্যে নিজের শরীরের সংকেতগুলো যেন কেউ উপেক্ষা না করেন। অস্বাভাবিক কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।