বিজ্ঞাপন
নিউইয়র্কের গির্জায় আবারও পবিত্র কুরআন ছিঁড়লেন জেক ল্যাং
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পিএম
বিজ্ঞাপন
নিউইয়র্ক শহরের হারলেম এলাকায় একটি গির্জায় আয়োজিত অনুষ্ঠানে কুরআনের একটি কপি ছিঁড়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন ডানপন্থী কর্মী জেক ল্যাং। ৬ সেপ্টেম্বরের এই ঘটনার ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানের সময় ল্যাং কুরআনের কপি ছিঁড়ে মুসলিমদের উদ্দেশে আক্রমণাত্মক মন্তব্য করেন। ঘটনাটি হারলেমের একটি গির্জায় সংঘটিত হয়েছে বলে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে।
জেক ল্যাং ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলার ঘটনায় অভিযুক্তদের একজন ছিলেন। পুলিশ কর্মকর্তাদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে তিনি প্রায় চার বছর কারাগারে ছিলেন। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমার আওতায় তিনি মুক্তি পান।
কারাগার থেকে মুক্তির পর ল্যাং ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন বিক্ষোভ ও প্রচারে সক্রিয় হয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরেও তিনি কুরআন পোড়ানোর হুমকি বা এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
চলতি বছরের মার্চে নিউইয়র্কের গ্রেসি ম্যানশনের বাইরে ল্যাংয়ের নেতৃত্বে একটি ইসলামবিরোধী বিক্ষোভকে ঘিরে পাল্টা বিক্ষোভ ও সহিংসতার ঘটনাও ঘটে। সেই ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক-সংক্রান্ত গুরুতর অভিযোগ আনা হয়েছিল।
সাম্প্রতিক হারলেমের ঘটনাটি নিয়ে মুসলিম অধিকারকর্মী ও বিভিন্ন মহলে সমালোচনা দেখা দিয়েছে। একই সঙ্গে ঘটনাটি যুক্তরাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং ধর্মীয় বিদ্বেষের সীমা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।