বিজ্ঞাপন
গ্রিন কার্ডের স্বপ্ন পূরণ করতে গিয়ে মাকে হারালেন নেভাল একাডেমির ক্যাডেট!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পিএম
বিজ্ঞাপন
গ্রিন কার্ডের সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন মারিয়া রোচা-মার্টিনেজ। ভেবেছিলেন, বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার পথটা হয়তো এবার আরও সহজ হবে। কিন্তু সেই সাক্ষাৎকারই শেষ পর্যন্ত তার জীবনের সবচেয়ে কঠিন ঘটনায় পরিণত হয়। সাক্ষাৎকার শেষ হওয়ার আগেই তাকে আটক করে দেশ থেকে বহিষ্কার করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।
মারিয়ার ছেলে ডেভিড গার্সিয়া বর্তমানে ইউএস নেভাল একাডেমির প্রথম বর্ষের মিডশিপম্যান। চলতি গ্রীষ্মেই তিনি সামরিক দায়িত্ব শুরু করেছেন। মাকে হারানোর পরও তাকে যুক্তরাষ্ট্রে থেকেই নিজের দায়িত্ব পালন করতে হচ্ছে।
ঘটনাটি সামনে আসার পর পরিবারটির দুর্দশা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির কারণে সামরিক পরিবারের সদস্যরাও কীভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
টেক্সাসের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জোয়াকিন কাস্ত্রো জানান, বুধবার রাতে মারিয়াকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি জানতে পেরে তিনি ডেভিড ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
কাস্ত্রোর ভাষ্য, মারিয়া নিজের অভিবাসন পরিস্থিতি বৈধভাবে পরিবর্তনের চেষ্টা করছিলেন। তার দাবি, তিনি নিয়ম মেনেই গ্রিন কার্ডের প্রক্রিয়ায় এগোচ্ছিলেন। তাই সাক্ষাৎকারে গিয়ে তাকে আটক ও বহিষ্কার করার ঘটনায় তিনি বিস্ময় প্রকাশ করেন।
তবে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) ভিন্ন দাবি করেছে। তাদের ভাষ্য, মারিয়াকে এর আগে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি বেআইনিভাবে আবার দেশটিতে প্রবেশ করেন। সরকারের দাবি, এমনভাবে পুনরায় প্রবেশ করা ফেডারেল আইনে গুরুতর অপরাধ।
সরকারের এই বক্তব্য অবশ্য মেনে নেননি কাস্ত্রো। তার দাবি, মারিয়া যখন বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজের অবস্থান ঠিক করার চেষ্টা করছিলেন, তখনই তাকে আইসিই আটক করে বহিষ্কার করেছে।
এক বিবৃতিতে কাস্ত্রো বলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে প্রশাসন অভিযান চালালেও এর প্রভাব নিরপরাধ পরিবারগুলোর ওপরও পড়ছে। তিনি জানান, মারিয়ার মামলার বিষয়ে আইসিইর কাছ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে এবং তাকে তার স্বামী ও ছেলে ডেভিডের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যও চেষ্টা চলছে।
একদিকে দেশের সেবায় নতুন জীবন শুরু করা ছেলে, অন্যদিকে দেশ থেকে বহিষ্কৃত মা—মারিয়া ও ডেভিডের এই বিচ্ছিন্নতা যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির মানবিক দিকটি আবারও সামনে নিয়ে এসেছে।