বিজ্ঞাপন
৯/১১ হামলার ‘ফলিং ম্যান’-এর পরিচয় কি জানা গেছে? হৃদয়ছোঁয়া স্মৃতিতে মুখ খুললেন বোন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ এএম
বিজ্ঞাপন
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলার ভয়াবহতার অন্যতম প্রতীক হয়ে আছে ‘ফলিং ম্যান’ নামে পরিচিত একটি ছবি। ছবিতে নর্থ টাওয়ার থেকে এক ব্যক্তিকে নিচে পড়ে যেতে দেখা যায়। হামলার দিন অ্যাসোসিয়েটেড প্রেসের ফটোসাংবাদিক রিচার্ড ড্রু ছবিটি ধারণ করেন।
ছবিটি ধারণের সময় টুইন টাওয়ারে আটকে থাকা বহু মানুষ ভয়াবহ আগুন ও ধোঁয়ার মধ্যে জীবন বাঁচানোর মরিয়া চেষ্টা করছিলেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, সেদিন প্রায় ২০০ মানুষ ভবন থেকে নিচে পড়ে মারা যান। ‘ফলিং ম্যান’ ছবিটি সেই মর্মান্তিক ঘটনার সবচেয়ে আলোচিত দৃশ্যগুলোর একটি হয়ে ওঠে।
ছবিটি প্রকাশের পর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে তীব্র বিতর্ক তৈরি হয়। এমন একটি মর্মান্তিক মুহূর্ত প্রকাশ করা কতটা সংবেদনশীল ও নৈতিক, তা নিয়ে প্রশ্ন ওঠে। এ কারণে যুক্তরাষ্ট্রের অনেক সংবাদপত্র ছবিটি একবার প্রকাশের পর আর ছাপেনি।
তবে ছবিটির গুরুত্বের পক্ষে অবস্থান নেন রিচার্ড ড্রু। তাঁর মতে, ছবিটিতে কোনো সরাসরি রক্তাক্ত বা গ্রাফিক দৃশ্য নেই। বরং এটি ৯/১১ হামলায় মানুষের ভয়াবহ পরিণতির একটি নীরব দলিল।
ছবিতে থাকা ওই ব্যক্তির পরিচয় আজও নিশ্চিতভাবে জানা যায়নি। বিভিন্ন সময়ে ধারণা করা হয়েছে, তিনি নর্থ টাওয়ারের ‘উইন্ডোজ অন দ্য ওয়ার্ল্ড’ রেস্তোরাঁর কর্মী অথবা ভবনের অন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তবে এসব ধারণার কোনোটিই নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার সন্ত্রাসী হামলায় নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও পেনসিলভানিয়ায় মোট ২ হাজার ৯৭৭ জন নিহত হন। হামলার ২৫ বছর পরও ‘ফলিং ম্যান’ ছবিটি ৯/১১-এর মানবিক ক্ষয়ক্ষতি ও সেই দিনের ভয়াবহতার অন্যতম স্মারক হিসেবে মানুষের মনে রয়ে গেছে।