বিজ্ঞাপন
অভিবাসনবিরোধী অভিযানে নির্দোষ অভিবাসীরাও হচ্ছে আটক
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ব্যাপক অভিবাসনবিরোধী অভিযানে অপরাধে জড়িত নন এমন অভিবাসীরাও আটক হচ্ছেন। দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিইর আটক অভিযানের পরিসর সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে আইসিই প্রায় ৫০ হাজার মানুষকে আটক করে। এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এক মাসে সর্বোচ্চ আটকের ঘটনা। আগস্টেও প্রায় একই মাত্রায় আটকের ঘটনা ঘটেছে।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আটক ব্যক্তিদের বড় একটি অংশের কোনো অপরাধমূলক ইতিহাস নেই। এমনকি আইসিইর হেফাজতে থাকা ব্যক্তিদের মধ্যে ৭০ শতাংশের বেশি মানুষের কোনো অপরাধের সাজা নেই বলে ট্রানজেকশনাল রেকর্ডস অ্যাকসেস ক্লিয়ারিংহাউসের তথ্য জানিয়েছে।
ট্রাম্প প্রশাসন অবশ্য দাবি করে আসছে, তাদের অভিযান মূলত গুরুতর অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। তবে সাম্প্রতিক তথ্য সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে।
অভিবাসন অধিকারকর্মী ও আইনজীবীরা বলছেন, প্রশাসনের অভিযান এখন শুধু অপরাধীদের মধ্যে সীমাবদ্ধ নেই। বৈধ কাগজপত্রের অপেক্ষায় থাকা ব্যক্তি, আশ্রয়প্রার্থী এবং দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করা অভিবাসীরাও বিভিন্ন অভিযানের আওতায় পড়ছেন।
এদিকে আইসিইর অভিযান নিয়ে রাজনৈতিক মহলেও উদ্বেগ বাড়ছে। কিছু রিপাবলিকান আইনপ্রণেতা সতর্ক করে বলেছেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সাধারণ শ্রমজীবী অভিবাসীদের একইভাবে বিবেচনা করা উচিত নয়।
বিশ্লেষকদের মতে, ব্যাপক হারে আটক ও নির্বাসন অভিযান যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। এর ফলে প্রশাসনের আইন প্রয়োগের পদ্ধতি, মানবাধিকার এবং অভিবাসীদের আইনি সুরক্ষা নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে।