Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

স্পেনে ৫ লাখ অনিবন্ধিত অভিবাসীকে বৈধ করার উদ্যোগ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ এএম

স্পেনে ৫ লাখ অনিবন্ধিত অভিবাসীকে বৈধ করার উদ্যোগ

বিজ্ঞাপন

স্পেনে বসবাসরত প্রায় ৫ লাখ অনিবন্ধিত অভিবাসীকে বৈধ মর্যাদা দেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির সরকার। এর মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে কর্মবাজারে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।

পরিকল্পনা অনুযায়ী, যোগ্য অভিবাসীদের এক বছরের নবায়নযোগ্য আবাসন অনুমতি দেওয়া হবে। আবেদন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অন্তত পাঁচ মাস ধরে স্পেনে বসবাসের প্রমাণ দিতে হবে এবং তার কোনো ফৌজদারি রেকর্ড না থাকার শর্ত পূরণ করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ২০২৬ সালের ১৬ এপ্রিল থেকে এবং জুনের শেষ পর্যন্ত চলবে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক চিঠিতে এই উদ্যোগকে একই সঙ্গে ন্যায়বিচার ও প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এসব অভিবাসী ইতোমধ্যে স্পেনের সমাজ ও অর্থনীতিতে অবদান রাখছেন। দেশটির ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যার কারণে শ্রমবাজার ও অর্থনীতি সচল রাখতে তাদের প্রয়োজন রয়েছে।

সানচেজ আরও বলেন, অভিবাসীদের বৈধ করার উদ্যোগটি স্পেনের জন্য যৌক্তিক, কারণ একসময় দেশটির অনেক নাগরিকও উন্নত সুযোগের সন্ধানে বিদেশে পাড়ি জমিয়েছিলেন।

তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধী পিপলস পার্টি। দলটির অভিযোগ, এই উদ্যোগ ভবিষ্যতে আরও অবৈধ অভিবাসনকে উৎসাহিত করতে পারে। তারা পরিকল্পনাটি ঠেকানোর চেষ্টা করছে।

স্পেনের অভিবাসন পরিস্থিতি নিয়ে গবেষণা করা থিংক ট্যাংক Funcas-এর হিসাবে, দেশটিতে প্রায় ৮ লাখ ৪০ হাজার অনিবন্ধিত অভিবাসী রয়েছেন। তাদের বড় একটি অংশ লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক।

ইউরোপের অনেক দেশ যখন অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিচ্ছে, তখন স্পেনের এই উদ্যোগকে তুলনামূলকভাবে উদার অভিবাসন নীতি হিসেবে দেখা হচ্ছে। সরকারের আশা, অনিবন্ধিত অভিবাসীদের বৈধ কর্মসংস্থানের আওতায় আনলে তারা কর ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও আরও কার্যকরভাবে অবদান রাখতে পারবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার