বিজ্ঞাপন
৬০ বছরে ১,১৭৩ বার রক্তদান! শরীরের বিরল রক্তে বাঁচিয়েছেন ২৪ লাখ শিশু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার রক্তদাতা জেমস হ্যারিসন বিরল এক অ্যান্টিবডির কারণে পরিচিত ছিলেন ‘গোল্ডেন আর্ম’ নামে। তাঁর রক্তের প্লাজমায় থাকা শক্তিশালী অ্যান্টি-ডি অ্যান্টিবডি দিয়ে এমন একটি জীবনরক্ষাকারী ওষুধ তৈরি করা হতো, যা গর্ভাবস্থায় আরএইচজনিত জটিলতা থেকে অনাগত শিশুকে সুরক্ষা দিতে সহায়তা করে। অস্ট্রেলিয়ান রেড ক্রস লাইফব্লাডের হিসাবে, তাঁর দানের মাধ্যমে প্রায় ২৪ লাখ শিশুকে সুরক্ষা দেওয়া সম্ভব হয়েছে।
মাত্র ১৪ বছর বয়সে বড় ধরনের বক্ষ অস্ত্রোপচারের সময় জীবন বাঁচাতে ১৩ ইউনিট রক্ত নিতে হয়েছিল হ্যারিসনকে। সেই অভিজ্ঞতার পর ১৮ বছর বয়সে তিনি রক্তদান শুরু করেন। পরে চিকিৎসকেরা জানতে পারেন, তাঁর রক্তে অ্যান্টি-ডি তৈরির জন্য প্রয়োজনীয় বিরল অ্যান্টিবডি রয়েছে। এরপর নিয়মিত প্লাজমা দানকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে নেন তিনি।
১৯৫৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ছয় দশকের বেশি সময়ে মোট ১ হাজার ১৭৩ বার রক্ত ও প্লাজমা দান করেন হ্যারিসন। অস্ট্রেলিয়ার বয়সসীমার কারণে ৮১ বছর বয়সে তাঁকে দান বন্ধ করতে হয়। ২০১৮ সালের মে মাসে তিনি শেষবার রক্ত দেন।
অ্যান্টি-ডি চিকিৎসা মূলত আরএইচ-নেগেটিভ মায়েদের জন্য গুরুত্বপূর্ণ। মা আরএইচ-নেগেটিভ এবং অনাগত শিশু আরএইচ-পজিটিভ হলে মায়ের শরীর শিশুর রক্তকে ক্ষতিকর হিসেবে শনাক্ত করে অ্যান্টিবডি তৈরি করতে পারে। এর ফলে পরবর্তী গর্ভধারণে শিশুর জন্য গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে। অ্যান্টি-ডি এই প্রতিরোধী প্রতিক্রিয়া ঠেকাতে সহায়তা করে।
লাইফব্লাড জানিয়েছে, অ্যান্টি-ডি কর্মসূচিতে হ্যারিসনের রক্ত থেকে তৈরি ওষুধের মাধ্যমে ২৪ লাখ শিশুকে সম্ভাব্য প্রাণঘাতী জটিলতা থেকে সুরক্ষা দেওয়া হয়েছে। তাঁর রক্তের বিশেষ অ্যান্টিবডি এতটাই বিরল ছিল যে অস্ট্রেলিয়ার অ্যান্টি-ডি সরবরাহ ব্যবস্থায় তাঁর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেমস হ্যারিসন ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি নিউ সাউথ ওয়েলসে ঘুমের মধ্যে ৮৮ বছর বয়সে মারা যান। মৃত্যুর পরও তাঁর অবদান নিয়ে গবেষণা চলছে। অস্ট্রেলিয়ান রেড ক্রস লাইফব্লাড ও গবেষকেরা তাঁর এবং অন্য দাতাদের রক্ত ব্যবহার করে ল্যাবে অ্যান্টি-ডি অ্যান্টিবডি তৈরির চেষ্টা করছেন, যাতে ভবিষ্যতে আরও বেশি মানুষের জন্য এই জীবনরক্ষাকারী চিকিৎসা সহজলভ্য করা যায়।
ছয় দশকের বেশি সময় ধরে নিয়মিত রক্তদান করে হ্যারিসন দেখিয়ে গেছেন, একজন মানুষের শরীরে থাকা বিরল একটি বৈশিষ্ট্য কীভাবে লাখ লাখ অনাগত শিশুর জীবন রক্ষায় ভূমিকা রাখতে পারে। তাঁর ১ হাজার ১৭৩ বার রক্তদানের রেকর্ডও অস্ট্রেলিয়ার রক্তদানের ইতিহাসে বিশেষ দৃষ্টান্ত হয়ে রয়েছে।