বিজ্ঞাপন
ডিউটির পাশাপাশি সৌন্দর্য প্রতিযোগিতা, মিস আমেরিকার মুকুট জয়ের লড়াইয়ে পুলিশ কর্মকর্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম
বিজ্ঞাপন
দিনের শুরুতে পুলিশের পোশাক পরে দায়িত্ব পালন, আর বিশেষ দিনে ঝলমলে পোশাকে মঞ্চে দাঁড়িয়ে মুকুটের লড়াই। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের অ্যাশলিন মার্সিয়ারের জীবন যেন একই সঙ্গে দুটি ভিন্ন জগতের গল্প। ওয়েস্টবরো পুলিশ বিভাগের সক্রিয় কর্মকর্তা এই তরুণী এবার মিস আমেরিয়ার জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় এসেছেন।
২৫ বছর বয়সী অ্যাশলিন মার্সিয়ার শুধু মিস ম্যাসাচুসেটস ২০২৬-এর বিজয়ীই নন, তিনি এই রাজ্যের প্রথম পুলিশ কর্মকর্তা যিনি মিস ম্যাসাচুসেটসের মুকুট জিতেছেন। ২০ জুন ওরচেস্টারের হ্যানোভার থিয়েটারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি ২২ জন প্রতিযোগীকে পেছনে ফেলে এই খেতাব অর্জন করেন। এরপর ম্যাসাচুসেটসের প্রতিনিধি হিসেবে মিস আমেরিয়ার জাতীয় প্রতিযোগিতায় অংশ নেন তিনি।
৬ সেপ্টেম্বর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় মিস আমেরিয়ার চূড়ান্ত প্রতিযোগিতা। এবারের আয়োজন মিস আমেরিয়া প্রতিযোগিতার ১০৫তম বছর উদযাপন করেছে। ৫০টি অঙ্গরাজ্য, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া ও পুয়ের্তো রিকোর প্রতিনিধিরা এতে অংশ নেন।
অ্যাশলিনের গল্পের বিশেষত্ব তার পেশায়। তিনি নিয়মিত ওয়েস্টবরো শহরের পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০২৫ সালে তিনি প্রতিযোগিতামূলক সৌন্দর্য আয়োজন থেকে এক বছর বিরতি নিয়ে পুলিশ একাডেমিতে ভর্তি হন। তার বাবা কেভিন মার্সিয়েরও একজন পুলিশ কর্মকর্তা এবং অক্সফোর্ড পুলিশ বিভাগের করপোরাল। বাবার পথ অনুসরণ করেই পুলিশে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন অ্যাশলিন।
পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার সময় তার মনে প্রশ্ন ছিল, একই সঙ্গে পুলিশ কর্মকর্তা ও সৌন্দর্য প্রতিযোগিতার প্রতিযোগী হওয়া সম্ভব হবে কি না। ফক্স নিউজ ডিজিটালকে অ্যাশলিন বলেন, অন্যরা কী ভাববে, সেই চিন্তায় তিনি একসময় দ্বিধায় ছিলেন। পরে নিজের লক্ষ্যকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত তাকে একসঙ্গে দুই ভিন্ন পরিচয় ধরে রাখার সুযোগ করে দেয়।
তার মতে, একজন নারী পুলিশ কর্মকর্তাকে দেখতে কেমন হওয়া উচিত, তার কোনো নির্দিষ্ট ছক নেই। যুক্তরাষ্ট্রে নারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোট বাহিনীর তুলনায় প্রায় ১৪ শতাংশ হলেও, পেশাগত পরিচয়ের জন্য নারীদের একটি নির্দিষ্ট চেহারা বা ব্যক্তিত্বে সীমাবদ্ধ থাকার প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি।
অ্যাশলিনের বক্তব্য, একজন নারী একই সঙ্গে একাধিক স্বপ্ন অনুসরণ করতে পারেন। তার নিজের জীবনেও সেটিই তিনি দেখাতে চান। পুলিশ কর্মকর্তা হওয়ার পাশাপাশি মিস আমেরিয়ার মঞ্চে দাঁড়িয়ে তরুণীদের তিনি বোঝাতে চান, জীবনের একটি লক্ষ্য বেছে নিয়ে অন্য স্বপ্নগুলো ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই।
তার এই বার্তার সঙ্গে যুক্ত রয়েছে ব্যক্তিগত একটি উদ্যোগও। অ্যাশলিনের সামাজিক কর্মকাণ্ডের প্ল্যাটফর্মের নাম ‘নিকস কারেজ: ওয়ান স্মাইল গোস আ মাইল’। তার ছোট ভাই নিকোলাসের নামে এই উদ্যোগের নামকরণ করা হয়েছে। নিকোলাস দুইবার শিশুদের ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছেন। গুরুতর অসুস্থতায় আক্রান্ত শিশুদের জন্য ইতিবাচকতা, আশা ও সহায়তার বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।
পুলিশ বিভাগের সহকর্মীরাও অ্যাশলিনের এই যাত্রায় পাশে দাঁড়িয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, মিস ম্যাসাচুসেটস হওয়ার খবর জানানোর পর থেকেই ওয়েস্টবরো পুলিশ বিভাগের সহকর্মীরা তাকে উৎসাহ দিয়ে আসছেন। বিদায় অনুষ্ঠানে উপস্থিত হওয়া থেকে শুরু করে তহবিল সংগ্রহের কাজে সহায়তা এবং শুভকামনার বার্তা পাঠানো, বিভিন্নভাবে তারা তার পাশে ছিলেন।
শুধু নিজের সহকর্মীরাই নন, দেশজুড়ে নারী পুলিশ কর্মকর্তাদের কাছ থেকেও সমর্থন পেয়েছেন অ্যাশলিন। তার দাবি, হাজারো নারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে অনেক তরুণীও তার গল্পে অনুপ্রাণিত হয়ে পুলিশে যোগ দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন।
অ্যাশলিন মনে করেন, পুলিশিং ও সৌন্দর্য প্রতিযোগিতার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ মিল রয়েছে। দুই ক্ষেত্রেই মানুষের সঙ্গে যোগাযোগের দক্ষতা, পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং চাপের মুহূর্তে শান্ত থাকার ক্ষমতা প্রয়োজন। পুলিশ কর্মকর্তা হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাকে মঞ্চেও আত্মবিশ্বাসী থাকতে সাহায্য করেছে বলে জানান তিনি।
তবে পুলিশ কর্মকর্তার দায়িত্ব আর সৌন্দর্য প্রতিযোগিতার প্রস্তুতির মধ্যে পার্থক্যও স্পষ্ট। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হাসতে হাসতে অ্যাশলিন বলেন, পুলিশের শিফটের জন্য প্রস্তুত হতে তার মাত্র কয়েক মিনিট লাগে। চুল পেছনে বেঁধে সামান্য সাজগোজ করেই কাজে বেরিয়ে পড়েন তিনি। কিন্তু মিস আমেরিয়ার মঞ্চের জন্য প্রস্তুত হতে তার অনেক বেশি সময় লাগে।
অ্যাশলিনের শিক্ষাজীবনও বেশ সমৃদ্ধ। তিনি কানেকটিকাটের ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন থেকে জাতীয় নিরাপত্তা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে বোস্টন ইউনিভার্সিটি থেকে অপরাধবিচার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন।
মিস ম্যাসাচুসেটসের দায়িত্ব পালনের সময়ও পুলিশ কর্মকর্তা হিসেবে কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার। অর্থাৎ মুকুট পাওয়ার পরও নিজের পেশাগত পরিচয় থেকে সরে দাঁড়াননি অ্যাশলিন। বরং দুই পরিচয়ের মাধ্যমে মানুষের সেবা করার সুযোগকে তিনি নিজের জন্য বিশেষ একটি দায়িত্ব হিসেবে দেখেছেন।
মিস আমেরিয়ার মুকুট শেষ পর্যন্ত তার মাথায় উঠুক বা না উঠুক, অ্যাশলিনের কাছে প্রতিযোগিতার গুরুত্ব অন্য জায়গায়। তার লক্ষ্য, নিজের গল্পের মাধ্যমে তরুণীদের দেখানো যে একই সঙ্গে পুলিশ কর্মকর্তা হওয়া এবং জাতীয় পর্যায়ের সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়াও সম্ভব।
অ্যাশলিনের ভাষায়, তাকে অনেকবার বলা হয়েছে একটি বিষয় বেছে নিয়ে সেটিতেই মনোযোগ দিতে। কিন্তু তার বিশ্বাস, স্বপ্ন যদি একাধিক হয়, তাহলে সেগুলো একসঙ্গেও অনুসরণ করা সম্ভব। তরুণ প্রজন্মের মেয়েদের সেই আত্মবিশ্বাস দেওয়াই এখন তার সবচেয়ে বড় বার্তা।
সূত্র: ফক্স নিউজ