Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

বেশি দামে পণ্য কিনেও খুশিতে নাচছেন ইরানিরা, নেপথ্যে অভিনব প্রতিবাদ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

বেশি দামে পণ্য কিনেও খুশিতে নাচছেন ইরানিরা, নেপথ্যে অভিনব প্রতিবাদ

বিজ্ঞাপন

যুদ্ধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে আকাশ ছোঁয়া দামে পণ্য কিনতে হচ্ছে সাধারণ ইরানিদের। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ব্যতিক্রমী প্রতিবাদ করছেন তারা। বেশি দামে পণ্য কিনে সরকারকে উদ্দেশ্য করে কোনো কঠোর কথা বলছেন না। এর বদলে তারা পণ্য হাতে নিয়ে নাচছেন-গাইছেন।

সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) জানিয়েছে, প্রতিবাদের জন্য যে ভিডিওগুলো ধারণ করা হচ্ছে, সেগুলো হাতে পণ্য নিয়ে ক্রেতাকে নাচতে দেখা যায়। এ সময় ক্রেতা উচ্চদামে কেনা পণ্য ক্যামেরার দেখান। তখন পাশ থেকে একজন জিজ্ঞেস করেন, দাম দিয়ে পণ্য কিনেও কেন নাচছেন। তখন উত্তরে ক্রেতা বলেন, কারণ খুশি না হলে তারা আমাকে হত্যা করবে।

মূলত এরমাধ্যমে সরকারের দমন-নিপীড়নের কথা ঘুরিয়ে প্রকাশ করছেন তারা। ইরানে সাধারণত সরকারের বিরুদ্ধে কথা বলাকে স্বাভাবিক হিসেবে নেওয়া হয় না।

ইরান ইন্টারন্যাশনাল তাদের সামাজিকমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে। এতে বেশ কয়েকজনের এমন ভিডিও আছে।

এতে দেখা যাচ্ছে, একজন বলছেন, আমি ৩ লাখ ৫০ হাজার তোমান (মুদ্রা) দিয়ে এক ব্যাগ চিপস আর একটি সফট ড্রিংকস কিনেছি। আমাকে খুশি হতে হবে। নয়ত তারা আমাকে জেলে নিক্ষেপ করবে।

আরেকজন বলছেন, আমি চারটি ডিম ও একটি সসেজ কিনেছি ৫ লাখ তোমান দিয়ে। আমি খুব খুশি। কারণ নয়ত তারা আমাকে হত্যা করবে।

আরেক নারী বলছেন, এখন আমরা কেজিতে পণ্য কিনতে পারি না। আমাদের পিস পিস কিনতে হয়। কিন্তু আমি খুশি। কারণ আমি যদি অখুশি হই তাহলে তারা তারা আমাকে দেশদ্রোহী ও দাঙ্গাবাজ বলবে।

আরেক যুবককে বলতে দেখা যায়, আমি ছয়টি ডিম ও এক ক্যান টুনা মাছ কিনেছি ৫ লাখ তোমান দিয়ে। আমি কিন্তু একটুও হতাশ নই। আমি আসলে খুশি। যদি আমি খুশি না হই তারা আমাকে মোসাদের এজেন্ট বলবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার