Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

৩০ দিনে ১৩টি ব্যথার ওষুধ, শেষ পর্যন্ত বিকল কিডনি

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম

৩০ দিনে ১৩টি ব্যথার ওষুধ, শেষ পর্যন্ত বিকল কিডনি

বিজ্ঞাপন

মাথা ব্যথা, জ্বর আর শরীর ব্যথা—উপসর্গ দেখা দিলেই খেয়ে নিতেন ব্যথার ওষুধ। এভাবে মাত্র ৩০ দিনে ১৩টি ব্যথানাশক ওষুধ খেয়ে গুরুতর কিডনি সমস্যায় পড়েন ভারতের ইন্দোরের ৩১ বছর বয়সী এক ব্যক্তি।

শেষ পর্যন্ত তার কিডনি এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে প্রয়োজন পড়ে কিডনি প্রতিস্থাপনের।

এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

চিকিৎসকেরা জানান, অতিরিক্ত ওষুধ সেবনের কারণে তার কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে তার মা একটি কিডনি দান করেন।

অস্ত্রোপচারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কিডনির জায়গায় নতুন কিডনি প্রতিস্থাপন করা হয়।

ঘটনাটি আবারও সামনে এনেছে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়ার ঝুঁকি। বিশেষ করে ব্যথানাশক ওষুধ প্রয়োজনের চেয়ে বেশি বা দীর্ঘদিন সেবন করলে কিডনিসহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।

কিভাবে ক্ষতি করে ব্যথার ওষুধ?

ব্যথানাশক ওষুধের একটি বড় অংশ প্রদাহ ও ব্যথা কমাতে ব্যবহৃত হয়।

এর মধ্যে কিছু ওষুধ কিডনিতে রক্তপ্রবাহ কমিয়ে দিতে পারে। ফলে কিডনির বর্জ্য ও অতিরিক্ত তরল ছেঁকে বের করার স্বাভাবিক ক্ষমতা ব্যাহত হতে পারে।

দীর্ঘদিন বা অতিরিক্ত মাত্রায় এসব ওষুধ সেবন করলে কিডনিতে গুরুতর ক্ষতি হওয়ার ঝুঁকি বাড়ে। বিশেষ করে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত ব্যথানাশক খাওয়ার অভ্যাস বিপজ্জনক হতে পারে।

কোন ব্যথানাশক নিয়ে সতর্কতা জরুরি?

সাধারণভাবে ব্যবহৃত কিছু ব্যথানাশক ওষুধ অতিরিক্ত সেবনে কিডনির ওপর চাপ ফেলতে পারে।

এর মধ্যে রয়েছে আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক, ন্যাপ্রোক্সেন, এসিক্লোফেনাক, মেফেনামিক এসিড ও এটোরিকক্সিব।

প্যারাসিটামলও অতিরিক্ত মাত্রায় সেবন করলে বিশেষ করে লিভারের ক্ষতি হতে পারে। তাই যেকোনো ওষুধের ক্ষেত্রেই নির্ধারিত মাত্রা মেনে চলা জরুরি।

নিজের ইচ্ছায় ওষুধ খাওয়া কেন ঝুঁকিপূর্ণ?

অনেকেই জ্বর, মাথা ব্যথা বা শরীরব্যথার মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের কাছে না গিয়ে নিজেরাই ওষুধ খেয়ে থাকেন। এতে সাময়িকভাবে উপসর্গ কমলেও মূল রোগটি ধরা না-ও পড়তে পারে।

এ ছাড়া একাধিক ওষুধ একসঙ্গে খেলে সেগুলোর মধ্যে পারস্পরিক প্রতিক্রিয়া তৈরি হতে পারে। ফলে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিও বাড়ে।

কিডনি ক্ষতিগ্রস্ত হলে যেসব লক্ষণ দেখা দিতে পারে

কিডনির সমস্যায় অনেক সময় শুরুতে স্পষ্ট লক্ষণ দেখা যায় না। তবে ক্ষতি বাড়লে কিছু লক্ষণ দেখা দিতে পারে। যেমন—

পা ও গোড়ালি ফুলে যাওয়া

প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া বা ধরন বদলে যাওয়া

অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা

বমি বমি ভাব

বমি

ক্ষুধা কমে যাওয়া

শ্বাসকষ্ট

উচ্চ রক্তচাপ

ত্বক শুষ্ক বা চুলকানি

বিভ্রান্তি

এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

কারা বেশি ঝুঁকিতে?

ব্যথানাশক ওষুধে কিডনি ক্ষতির ঝুঁকি তুলনামূলক বেশি হতে পারে—

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের

উচ্চ রক্তচাপের রোগীদের

দীর্ঘমেয়াদি কিডনি রোগে আক্রান্তদের

শরীরে পানিশূন্যতা থাকলে

একসঙ্গে একাধিক প্রেসক্রিপশনের ওষুধ সেবনকারীদের

বয়স্ক ব্যক্তিদের

শুধু কিডনি নয়, ক্ষতি হতে পারে আরো

ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহার শুধু কিডনির জন্যই ক্ষতিকর নয়। লিভার, পাকস্থলী ও হৃদ্‌যন্ত্রেও এর প্রভাব পড়তে পারে।

অতিরিক্ত প্যারাসিটামল লিভারের ক্ষতি করতে পারে। দীর্ঘদিন কিছু ব্যথানাশক সেবনে পাকস্থলীতে আলসার ও অভ্যন্তরীণ রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে। কিছু ওষুধ রক্তচাপ ও শরীরে তরলের ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে।

কিভাবে নিরাপদে ব্যথার ওষুধ খাবেন?

ব্যথানাশক খাওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় মনে রাখা জরুরি—

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত মাত্রা মেনে চলুন।

নিজের ইচ্ছায় একাধিক ব্যথানাশক একসঙ্গে খাবেন না।

দীর্ঘদিন টানা ব্যথানাশক সেবন এড়িয়ে চলুন।

শরীরে পানিশূন্যতা যেন না হয়, সেদিকে খেয়াল রাখুন।

কয়েক দিনেও জ্বর, মাথা ব্যথা বা শরীর ব্যথা না কমলে চিকিৎসকের পরামর্শ নিন।

কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন?

জ্বর দীর্ঘদিন থাকলে, বারবার মাথা ব্যথা বা শরীর ব্যথা হলে কিংবা প্রস্রাবের পরিমাণ কমে গেলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। পা-গোড়ালি ফুলে যাওয়া বা অস্বাভাবিক দুর্বলতাও কিডনির সমস্যার ইঙ্গিত হতে পারে।

ইন্দোরের এই ঘটনা দেখিয়েছে, সামান্য ব্যথা বা জ্বরের জন্য নিজের ইচ্ছায় বারবার ওষুধ খাওয়ার অভ্যাস কতটা বিপজ্জনক হতে পারে। ব্যথার কারণ জানা এবং সঠিক চিকিৎসা নেওয়াই নিরাপদ পথ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার