বিজ্ঞাপন
মধ্যরাতে ইরানের বিয়ের অনুষ্ঠানে মার্কিন বিমানহামলা, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ এএম
বিজ্ঞাপন
মধ্যরাতে দক্ষিণ ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৪ বছর বয়সী এক শিশুসহ মোট চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানা গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইরানি কর্মকর্তারা ঘটনাটিকে বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রমাণ হিসেবে তুলে ধরছেন। তাদের দাবি, যুক্তরাষ্ট্র শুধু ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বা ইরানের সামরিক স্থাপনাকেই লক্ষ্যবস্তু করছে না, বেসামরিক এলাকাতেও হামলা চালানো হচ্ছে এবং এতে সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন।
ইরানের সরকার অভ্যন্তরীণ জনসমর্থন জোরদার এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তুলে ধরতে ঘটনাটিকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে ব্যবহার করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এখন পর্যন্ত এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি হরমুজ প্রণালির কেশম দ্বীপে একটি ফিশমিল কারখানা, একটি মাছ ধরার জেটি এবং উপকূলীয় শহর সিরিকের বন্দর ও সামুদ্রিক সংস্থার একটি টাওয়ারেও হামলা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।
সূত্র: আল-জাজিরা