বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রকে ‘শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি খামেনির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ এএম
বিজ্ঞাপন
ইরানে মার্কিন বাহিনী সামরিক হামলা শুরুর পর মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে খামেনি লেখেন, ‘ইরানের প্রতিরোধ যোদ্ধাদের কাছে মার্কিন শত্রুদের ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার সামর্থ্য আছে।’
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় মঙ্গলবার দুপুর ১২টায় ওয়াশিংটন ইরানে বিমান হামলা চালানো শুরু করে। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন।
এদিকে মার্কিন হামলার পরপরই জর্ডানের আকাবা উপসাগরের কাছে অবস্থিত ‘ক্যাম্প তিতিন’ নামে মার্কিন মেরিন কোরের একটি সামরিক ব্যারাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত আইআরজিসির এক বিবৃতিতে দাবি করা হয়েছে, এই হামলায় একাধিক মার্কিন সেনা নিহত হয়েছেন এবং ঘাঁটিটির ‘বেশ কিছু স্থাপনা ও শত্রুপক্ষের হামলাকারী হেলিকপ্টার’ ধ্বংস করা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় ইরানে মার্কিন বাহিনীর হামলার জবাবে এই ধরনের পাল্টা আঘাত অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে আইআরজিসি।