বিজ্ঞাপন
নারীর ব্যাগে লুকানো ছিল ৩০ কোটি টাকার সোনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৮:৩৩ পিএম
বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বড়সড় সোনার পাচার বানচাল করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৩২ নম্বর ব্যাটালিয়ন।
গোপন সূত্রে খবর পেয়ে প্রায় ১৫ কেজির বেশি সোনা উদ্ধার এবং সেগুলো পাচারের অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে বিএসএফ। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি ৯৫ লাখ ৫৬ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকার সমান।
সূত্র জানিয়েছে, বিএসএফ গোপন সূত্রে খবর পায় যে, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা দিয়ে সোনা পাচার করবেন এক নারী। খবর পাওয়া মাত্রই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সীমান্তে দীর্ঘক্ষণ নজরদারি চালান।
নজরদারি চালানোর সময় এক নারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিএসএফ। সঙ্গে সঙ্গে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পুঙ্খানুপুঙ্খ তল্লাশিকালে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনা উদ্ধার হয়। জেরার মুখে সোনা পাচারের কথা স্বীকার করেন ওই নারী।
এই ঘটনার পর বিএসএফের কর্মকর্তারা ওই নারীকে জিজ্ঞাসাবাদ করেছেন। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই পাচারের সঙ্গে আর কারা জড়িত এবং এই সোনা কোথায় পাচার করার পরিকল্পনা চলছিল।