বিজ্ঞাপন
নেপালের সেই ভাইরাল ভিডিও কি এআই দিয়ে তৈরি? যা বলছে বিবিসি ও এএফপি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১০:৪০ এএম
বিজ্ঞাপন
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় শত শত মানুষ মারা গেছে। ঘটনাটি কতটা ভয়াবহ তার আঁচ মেলে হরকা বান সংঘটিত হওয়ার কিছুক্ষণের মধ্যে। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় পুরো একটি জনপদ চোখের পলকে নিশ্চিহ্ন হয়ে গেছে রীতিমতো।
তবে সেই ভিডিওটি এআই কি না, তা নিয়েও সংশয় ছিল অনেকের মধ্যেই। সে বিষয়টি স্বতন্ত্রভাবে যাচাই করেছে বিবিসি ও এএফপি। সেখানে ধরা পড়েছে, ভিডিওটিতে এমন কিছু চিহ্ন আছে, যা সাধারণত এআই দিয়ে তৈরি ভিডিওতে দেখা যায়।
২০২৬ সালের ২৭ আগস্ট শেয়ার হওয়া এক এক্স পোস্টের ক্যাপশনে লেখা হয়, 'নেপালের আকস্মিক বন্যা দেখিয়ে দেয় প্রকৃতি কতটা শক্তিশালী আর অপ্রত্যাশিত হতে পারে।'
এই পোস্টে ১০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করা হয়। এতে দেখা যায়, প্রবল স্রোতের পানি নদীর পাড় ভেঙে পথচারী ও গাড়ির ওপর দিয়ে বয়ে যাচ্ছে।
একই ধরনের ভিডিও ইনস্টাগ্রাম, থ্রেডস, ফেসবুক, টিকটক, ইউটিউব ও এক্সে একাধিক ভাষায় ছড়িয়ে পড়ে। এসব ভিডিও ছড়ায় নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর। এই দুর্যোগে পানি ও ধ্বংসাবশেষের ঢেউ ঘরবাড়ি চাপা দেয়, সেতু ভেঙে দেয় এবং গাড়ি ভাসিয়ে নিয়ে যায়।
উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৪৭২ জনের মরদেহ উদ্ধার করেছে। এখনো নিখোঁজ আছেন ১৪০০ জন। এদের মধ্যে হিমালয়ের পর্বতারোহী এবং তিব্বতের পবিত্র পর্বত কৈলাসে যাওয়া অনেক হিন্দু তীর্থযাত্রীও আছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, একটি হিমবাহ ধসে পড়ার কারণে এই দুর্যোগ ঘটে। এতে বরফ ও ধ্বংসাবশেষের বিশাল স্রোত তৈরি হয়। এই পানির স্রোত প্রথমে একটি সীমান্ত চৌকিতে আঘাত করে। এরপর তা নেপালের দিকে বয়ে যায়।
তবে সামাজিক মাধ্যমে ছড়ানো এই ভিডিওটি আসল নয়। এটি এআই দিয়ে তৈরি। এএফপি ভিডিওটি গুগলের সিনথিআইডি শনাক্তকরণ টুল দিয়ে পরীক্ষা করে। এই টুল জানায়, ভিডিওটি গুগলের নিজস্ব এআই টুল দিয়ে তৈরি করা হয়েছে।
ভিডিওটিতে এআই দিয়ে তৈরি কনটেন্টের সাধারণ কিছু ত্রুটিও দেখা যায়। ভিডিওর শুরুতে রাস্তায় দাঁড়ানো একজন মানুষ দেখা যায়। কিন্তু ০১ সেকেন্ডের সময় বন্যার পানি সেখানে পৌঁছালে সেই মানুষটি হঠাৎ উধাও হয়ে যায়।
ভিডিওতে দেখানো হয়, পানির ঢেউয়ে কিছু স্থাপনা ভেঙে পড়েছে। কিন্তু আসলে সেগুলো বিকৃত হয়ে বড় বড় পাথরের মতো রূপ নিয়েছে।
সাত সেকেন্ডের সময় ক্যামেরা পেছনের দিকে সরে গেলে হঠাৎ একটি ভবন ও একটি গাছ দেখা যায়। একই বিষয়টি ধরা পড়েছে বিবিসির ফ্যাক্টচেকেও।
এএফপি এর আগে এই বন্যার আসল ও সত্যিকারের ভিডিওও প্রকাশ করেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের গিরং বন্দরে আকস্মিক বন্যা আঘাত হানার পর তা নেপালের দিকে বয়ে যায়। এই বন্যা নিয়ে ছড়ানো আরও কিছু ভুল তথ্যও আগে যাচাই করেছে এএফপি।