Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ভারতে বিদ্যুৎ রপ্তানি ৫০ শতাংশ কমালো নেপাল, নেপথ্যে যে কারণ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১২:৫৫ পিএম

ভারতে বিদ্যুৎ রপ্তানি ৫০ শতাংশ কমালো নেপাল, নেপথ্যে যে কারণ

বিজ্ঞাপন

প্রলয়ংকারী বন্যায় বিপর্যস্ত হিমালয়কন্যা নেপাল। বিপুল জলপ্রবাহতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির ১৩টি জলবিদ্যুৎ প্রকল্প। বন্যায় নেপালের যে বিদ্যুৎ প্রকল্পগুলো ক্ষতির মুখে পড়েছে সেগুলোর মধ্যে ১৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন দেবীঘাট জলবিদ্যুৎ প্রকল্পও রয়েছে। এ কারণে ভারতে বিদ্যুৎ রপ্তানি ৫০ শতাংশ কমিয়ে দিয়েছে নেপাল।

প্রতিদিন নেপাল থেকে ভারতে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হয়ে থাকে। তবে, এখন তার পরিমাণ কমিয়ে ৪০০ মেগাওয়াট করে দিয়েছে নেপাল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে এমনটা জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

ভারতে বিদ্যুৎ সরবরাহ তত্ত্বাবধানকারী সংস্থা গ্রিড ইন্ডিয়ার পরিসংখ্যান অনুযায়ী, বুধবার নেপালে বিপর্যয়ের দিনও সে দেশ থেকে ৯৬৩ দশমিক ৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে ভারতে।

বন্যায় নেপালের যে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো হলো আপার ত্রিশূলি (২১৬ মেগাওয়াট), রসুয়াগঢ়ী (১১১ মেগাওয়াট), রাসুয়া ভোটেকোশী (১২০ মেগাওয়াট), সানজেন খোলা (৭৮ মেগাওয়াট), আপার মইলুং এ (৬ দশমিক ৪২ মেগাওয়াট), মইলুং খোলা (৫ মেগাওয়াট), লাইডং খোলা (২০ মেগাওয়াট), চিলিমে (২২ মেগাওয়াট), ত্রিশূলি হাইড্রোপাওয়ার (২৪ মেগাওয়াট), দেবীঘাট (১৪ মেগাওয়াট), আপার ত্রিশূলি-৩এ (৬০ মেগাওয়াট), আপার ত্রিশূলি ৩বি (৩৭ মেগাওয়াট), মিডল ত্রিশূলি গঙ্গা (১৫.৬ মেগাওয়াট)।

দিনে ৪৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম নেপাল, যার ৯০ শতাংশই আসে জলবিদ্যুৎ থেকে। বর্ষায় পাহাড়ি নদীগুলোর পানির পরিমাণ এবং তীব্রতা বাড়ে। তাই জলবিদ্যুৎ উৎপাদনের পরিমাণও বাড়ে। উদ্বৃত্ত বিদ্যুৎ ভারতে পাঠায় নেপাল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার