Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

সৌদিতে প্রবাসীদের সতর্কবার্তা, নিজে কাজ করলে জেল-জরিমানা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৮:৩৫ পিএম

সৌদিতে প্রবাসীদের সতর্কবার্তা, নিজে কাজ করলে জেল-জরিমানা

বিজ্ঞাপন

সৌদি আরবে নিয়োগকর্তার অধীনে বৈধভাবে নিবন্ধিত কাজের বাইরে নিজে নিজে কাজ বা ব্যবসা করা প্রবাসীদের বিরুদ্ধে কঠোর শাস্তির সতর্কতা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন লঙ্ঘনের পুনরাবৃত্তি হলে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড ও বহিষ্কারের মুখে পড়তে হতে পারে।

মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ কর্মসংস্থান কাঠামোর বাইরে প্রবাসীদের নিজের হিসাবে কাজ করা দেশটির আইন অনুযায়ী অপরাধ। তাই সৌদিতে থাকা বিদেশি কর্মীদের আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

কর্তৃপক্ষের প্রকাশিত বিধিমালা অনুযায়ী, প্রথমবার আইন লঙ্ঘন করলে ১০ হাজার রিয়াল জরিমানা ও বহিষ্কারের শাস্তি হতে পারে। দ্বিতীয়বার একই অপরাধ করলে ২৫ হাজার রিয়াল জরিমানা, এক মাসের কারাদণ্ড ও বহিষ্কার করা হতে পারে। তৃতীয়বার বা পরবর্তীবার অপরাধ করলে সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং বহিষ্কারের শাস্তি রয়েছে।

সৌদি সরকারের শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং অনুমোদনহীন কর্মসংস্থান বন্ধের উদ্যোগের অংশ হিসেবে এ সতর্কতা দেওয়া হয়েছে। এর আওতায় বৈধভাবে যে নিয়োগকর্তার অধীনে নিবন্ধিত, তার বাইরে অন্যের হয়ে বা স্বাধীনভাবে কাজ করা প্রবাসীরাও পড়বেন।

এ ছাড়া প্রবাসীদের অবৈধভাবে কাজের সুযোগ করে দেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানও শাস্তির আওতায় আসবে। আইন লঙ্ঘনকারীদের কাজে নিয়োগ, পরিবহন, আশ্রয় দেওয়া বা তাদের পরিচয় গোপন করতে সহায়তা করলে কিছু ক্ষেত্রে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা এবং ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন লঙ্ঘন শনাক্তে দেশজুড়ে অভিযান অব্যাহত থাকবে।

আইন লঙ্ঘনের তথ্য জানাতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ এবং সৌদি আরবের অন্যান্য এলাকায় ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সূত্র: গালফ নিউজ

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার