বিজ্ঞাপন
গ্রিসের ক্রিটে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৯:৪৩ এএম
বিজ্ঞাপন
গ্রিসের ক্রিট দ্বীপের কাছে দুটি নৌকা থেকে ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছাকাছি সমুদ্র থেকে তাদের উদ্ধার করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রে নৌকা দুটির অবস্থান শনাক্ত করার পর উদ্ধার অভিযান শুরু হয়। কোস্টগার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুই নারী ও দুই শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশের নাগরিকের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকও আছেন।
এর আগে গ্রিসের এএনএ নিউজ এজেন্সি ৮৫ জনকে উদ্ধারের কথা জানিয়েছিল। পরে কোস্টগার্ডের পক্ষ থেকে সংখ্যা সংশোধন করে ৭৯ জনের কথা জানানো হয়।
সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগরের এই পথটি গ্রিসে প্রবেশের ক্ষেত্রে অভিবাসনপ্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ক্রিট ও এর কাছের গাভদোস দ্বীপে লিবিয়া উপকূল থেকে নৌকায় করে মানুষের আগমন বেড়েছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোসের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার।
তবে সামগ্রিকভাবে গ্রিসে অভিবাসনপ্রত্যাশীদের আগমন কমেছে। দেশটির অভিবাসন মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ১২ মাসে প্রায় ৬১ হাজার মানুষ গ্রিসে পৌঁছেছিলেন। পরবর্তী ১২ মাসে এই সংখ্যা কমে প্রায় ৪২ হাজারে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরে আগমন কমেছে প্রায় ৩১ শতাংশ।
ইউরোপে অনিয়মিত অভিবাসন ঠেকাতে সাম্প্রতিক বছরগুলোতে নীতি আরও কঠোর হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এ ক্ষেত্রে লিবিয়ার মতো ট্রানজিট দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে।
গ্রিসও অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে। দেশটির অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস অভিবাসীদের আগমন ঠেকানোর পক্ষে অবস্থান করছেন। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপনের সম্ভাবনা নিয়ে জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা করছে গ্রিস।