Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

পর্বতের ৬ হাজার মিটার উচ্চতায় চিকিৎসকের মরদেহ, স্থগিত উদ্ধার অভিযান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:০১ পিএম

পর্বতের ৬ হাজার মিটার উচ্চতায় চিকিৎসকের মরদেহ, স্থগিত উদ্ধার অভিযান

বিজ্ঞাপন

পাকিস্তানি পর্বতারোহী ও চিকিৎসক ডা. আসার মুশতাকের মরদেহ উদ্ধারের অভিযান ভারী তুষারপাত ও তীব্র বাতাসের কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রোববার (২৩ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।

আসার মরদেহ এখনো স্পান্তিক পর্বতের প্রায় ৬ হাজার ৪০০ মিটার উচ্চতায় পড়ে রয়েছে। সেখান থেকে মরদেহ নামিয়ে বেস ক্যাম্পে আনার জন্য পোর্টারদের একটি দল অভিযান শুরু করেছিল। তবে ক্যাম্প-৩-এর কাছাকাছি পৌঁছানোর পর ভারী তুষারপাত ও প্রবল বাতাসের কারণে দলটিকে ক্যাম্প-২-এ ফিরে আসতে হয়।

আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, পরিস্থিতি অনুকূল হলে পোর্টাররা ক্যাম্প-৩ এ গিয়ে মরদেহ উদ্ধার করে সোমবারের মধ্যে বেস ক্যাম্পে নামিয়ে আনার চেষ্টা করবেন।

মরদেহ উদ্ধারে একটি হেলিকপ্টার ব্যবহারের অনুমোদনও দেওয়া হয়েছে। এ বিষয়ে গিলগিট-বালতিস্তান সরকার ও ফোর্স কমান্ড নর্দার্ন এরিয়াসের (এফসিএনএ) মধ্যে সমন্বয় করা হয়েছে। তারার বলেন, ‘এই পরিস্থিতিতে যা কিছু করা সম্ভব, সবই করা হবে।’ বিকল্প ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে পরিস্থিতির সর্বশেষ তথ্য জানানো হচ্ছে।

আবহাওয়া অনুকূল হওয়ার অপেক্ষা

আলপাইন ক্লাব অব পাকিস্তান (এসিপি) জানিয়েছে, উদ্ধারকারী দল ক্যাম্প-২ পর্যন্ত পৌঁছানোর পর ভারী তুষারপাতের কারণে অভিযান বন্ধ হয়ে যায়। পরে দলটিকে বেস ক্যাম্পে ফিরে গিয়ে আবহাওয়া অনুকূল হওয়ার অপেক্ষা করতে বলা হয়।

আসারের অভিযানে অংশ নেওয়া প্রতিষ্ঠান, পর্যটন বিভাগ, স্থানীয় প্রশাসন ও এসিপির সমন্বয়ে মরদেহ উদ্ধারের কার্যক্রম চলছে। বিভিন্ন পর্বতারোহী দলের সদস্যরাও উদ্ধারকারী দলে যোগ দিয়েছেন।

আসারের মৃত্যুর পরিস্থিতি এবং তার অভিযানের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কার্যক্রম ও সাড়া দেওয়ার বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছে এসিপি। উদ্ধারকারী দলগুলো নিরাপদে নিচে নেমে আসা এবং মরদেহ উদ্ধারের পর এ তদন্ত শুরু হবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংগঠনটি।

চূড়া জয় করে নামার সময় মৃত্যু

এসিপির তথ্য অনুযায়ী, ৭ হাজার ২৭ মিটার উচ্চতার স্পান্তিক পর্বতের চূড়া সফলভাবে আরোহণ করেছিলেন আসার। চূড়া থেকে নামার সময় প্রায় ৬ হাজার ৪০০ মিটার উচ্চতায় তিনি গুরুতর শারীরিক সমস্যায় আক্রান্ত হন।

তাকে বাঁচাতে পর্বতারোহী গাইড আকবর আলীসহ আরেকজন গাইড তাৎক্ষণিকভাবে সহায়তার চেষ্টা করেন। তবে কঠিন পরিস্থিতির মধ্যে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আসার মুশতাক মূলত পাকিস্তানের লাহোরের বাসিন্দা। পেশায় তিনি চিকিৎসক এবং যুক্তরাজ্যে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন। চিকিৎসার পাশাপাশি ভ্রমণ, ভ্লগিং ও পর্বতারোহণে তাঁর আগ্রহ ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিভিন্ন পর্বতারোহণের অভিজ্ঞতাও তুলে ধরতেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার