বিজ্ঞাপন
ব্রিটেনে গাড়ি দুর্ঘটনায় দুই পুলিশসহ সাতজন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৩:৩৫ এএম
বিজ্ঞাপন
যুক্তরাজ্যের মিডলসব্রোর কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যসহ মোট সাতজন প্রাণ হারিয়েছেন। শনিবার ভোররাতে ভুল দিক থেকে ছুটে আসা একটি গাড়ির সঙ্গে পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যরা হলেন ৩৭ বছর বয়সী ম্যাথিউ ব্লেডস এবং ৩৮ বছর বয়সী টম ক্লফ। এ ঘটনায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন।
শনিবার স্থানীয় সময় ভোর ৩টা ৩৯ মিনিটে মিডলসব্রোর কাছে এ৬৬ সড়কে দুর্ঘটনাটি ঘটে। পাঁচজন তরুণ আরোহী নিয়ে উল্টো পথে চলা একটি ফোক্সভাগেন পাসাত গাড়ি সামনে থেকে আসা পুলিশের বিশেষ টহল গাড়িতে সজোরে আঘাত করে। ঘটনাস্থলেই উভয় গাড়ির মোট সাত আরোহীর মৃত্যু হয়।
ক্লিভল্যান্ড পুলিশের প্রধান কনস্টেবল ভিক্টোরিয়া ফুলার নিহত দুই কর্মকর্তাকে অত্যন্ত সাহসী উল্লেখ করে জানান, তারা দায়িত্ব পালন শেষে পরিবারের কাছে নিরাপদে ফিরে যেতে পারেননি। তিনি জানান, পুলিশের গাড়িটি সড়কের সঠিক লেনেই চলছিল এবং ঘটনার তদন্তের জন্য স্বাধীন পুলিশি আচরণ সংস্থা আইওপিসি কাজ শুরু করেছে।
দুর্ঘটনার তীব্রতার কারণে নর্মানবি রোড ও চার্চ লেনের মধ্যবর্তী এ৬৬ সড়কটি সারাদিনের জন্য বন্ধ রাখা হয়। নর্থ ইস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের ১৪টি উদ্ধারকারী দল ঘটনাস্থলে দ্রুত পৌঁছে উদ্ধারকাজে সহায়তা প্রদান করে।
প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ ঘটনাটিকে হৃদয়বিদারক আখ্যা দিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। স্থানীয় আইনপ্রণেতা ও পুলিশ ফেডারেশনও এই ক্ষতিকে অপূরণীয় বলে উল্লেখ করেছে।