বিজ্ঞাপন
রোগী সেজে চেম্বারে স্বামী, ছয় বছর পর দেখেই জড়িয়ে ধরলেন চিকিৎসক স্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১০:০৭ পিএম
বিজ্ঞাপন
দীর্ঘদিন প্রিয়জনের কাছ থেকে দূরে থাকা যে কতটা কঠিন, তা হয়তো সবচেয়ে ভালো বোঝেন ভিন্ন দেশে বসবাসকারী দম্পতিরা। তাই বহু বছর পর স্বামী-স্ত্রীর দেখা হওয়ার মুহূর্তও হয়ে ওঠে ভীষণ আবেগঘন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমনই একটি ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের।
ভাইরাল ভিডিওতে দাবি করা হয়েছে, ছয় বছর পর স্বামীর সঙ্গে দেখা হয়ে কান্নায় ভেঙে পড়েছেন এক চিকিৎসক নারী। চমক দিতে ওই চিকিৎসকের চেম্বারে রোগী সেজে হাজির হন তাঁর স্বামী। এরপর দুজনের আবেগঘন পুনর্মিলনের দৃশ্য ছুঁয়ে গেছে নেটিজেনদের মন।
ভিডিওতে দেখা যায়, নিজের চেম্বারে বসে রোগী দেখছিলেন ওই চিকিৎসক। এ সময় মাস্ক পরা এক যুবক রোগী সেজে তাঁর সামনে বসেন। তবে মেডিকেল রিপোর্টের বদলে চিকিৎসকের হাতে নিজের পাসপোর্ট ও বোর্ডিং পাস তুলে দেন তিনি।
প্রথমে বিষয়টি বুঝতে না পেরে কিছুটা বিভ্রান্ত হয়ে যান চিকিৎসক। একপর্যায়ে বোর্ডিং পাসে স্বামীর নাম দেখতে পান তিনি। মুহূর্তেই যেন বদলে যায় পুরো দৃশ্য। আনন্দে নিজের আসন থেকে উঠে ওই যুবকের দিকে ছুটে যান তিনি। এরপর দুজন একে অপরকে জড়িয়ে ধরে আবেগে কেঁদে ফেলেন।
ভিডিওতে দাবি করা হয়েছে, ওই যুবক ও চিকিৎসক নারী স্বামী-স্ত্রী এবং কর্মসূত্রে দীর্ঘ ছয় বছর আলাদা ছিলেন। তবে ভিডিওটির দাবি ও এর পেছনের ঘটনার স্বাধীন সত্যতা যাচাই করা যায়নি।
‘রাহুল_বাবু_১এম_’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। লাখো মানুষ ভিডিওটি দেখেছেন এবং মন্তব্যের ঘরে জানিয়েছেন নিজেদের অনুভূতি।
অনেকেই এই পুনর্মিলনের দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়েছেন। একজন লিখেছেন, ছয় বছর পর স্বামীর সঙ্গে দেখা হওয়ার আনন্দ সত্যিই অনুভব করার মতো। আরেকজনের মন্তব্য, ভিডিওটি দেখে তাঁর চোখে পানি চলে এসেছে। কেউ কেউ আবার দম্পতিকে শুভেচ্ছাও জানিয়েছেন।