Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

প্রকাশ্যে বোরকা নিষিদ্ধ করল পর্তুগাল, নতুন আইন জারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৪:৫৩ পিএম

প্রকাশ্যে বোরকা নিষিদ্ধ করল পর্তুগাল, নতুন আইন জারি

বিজ্ঞাপন

প্রকাশ্যে বোরকা ও মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করেছে পর্তুগাল। দেশটির প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরো চলতি সপ্তাহে এ সংক্রান্ত আইন অনুমোদন করেছেন। আইন অমান্য করলে সর্বোচ্চ ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে।

নতুন আইনে জনসমক্ষে এমন কোনো পোশাক বা আবরণ পরা নিষিদ্ধ করা হয়েছে, যার উদ্দেশ্য মুখ ঢেকে রাখা বা ব্যক্তির পরিচয় শনাক্ত করা ঠেকানো। আইন ভাঙলে ১৫০ থেকে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা দিতে হবে।

তবে স্বাস্থ্যগত, পেশাগত, শিল্পকলা বা আবহাওয়াজনিত কারণে মুখ ঢাকার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। উপাসনালয়, কূটনৈতিক মিশন ও উড়োজাহাজেও মুখ ঢাকার অনুমতি থাকবে।

এ ছাড়া লিঙ্গ, ধর্ম, বয়স বা বংশপরিচয়ের কারণে কাউকে মুখ ঢেকে রাখতে বাধ্য করাও নিষিদ্ধ করা হয়েছে।

পর্তুগালের সংবাদমাধ্যমে আইনটিকে ‘বোরকা আইন’ বলা হচ্ছে। সমালোচকদের মতে, আইনটি মূলত মুখ ঢেকে রাখা বোরকা বা নিকাব পরা মুসলিম নারীদের লক্ষ্য করে করা হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এটিকে পরিচয় শনাক্তকরণ, সামাজিক আস্থা ও যোগাযোগের বিষয় হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।

প্রেসিডেন্ট সেগুরো বলেন, ‘মুখকে মানুষের পরিচয় ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করতে হবে।’ তার মতে, মুখ খোলা রাখা পর্তুগিজ সমাজে সামাজিক আস্থার একটি ‘ভিত্তি’।

আইনটি নিয়ে দেশটিতে বিতর্কও তৈরি হয়েছে। ডানপন্থী চেগা পার্টি আইনটির উদ্যোগ নেয় এবং মধ্য-ডানপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সমর্থন পায়। জুলাইয়ে পার্লামেন্টে আইনটি পাস হয়। ডানপন্থী জোট ও কট্টর ডানপন্থীরা এর পক্ষে ভোট দিলেও বামপন্থী দলগুলো বিরোধিতা করে।

পর্তুগিজ অ্যাসোসিয়েশন অব উইমেন ল’ইয়ার্সসহ কয়েকটি আইনজীবী সংগঠন আইনটির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। মধ্য-বামপন্থী সোশ্যালিস্ট পার্টি, লিভরে ও পর্তুগিজ কমিউনিস্ট পার্টি আশঙ্কা প্রকাশ করেছে, এ আইন ইসলামবিদ্বেষ উসকে দিতে পারে।

এর আগে ইউরোপের কয়েকটি দেশেও প্রকাশ্যে মুখ ঢাকা নিষিদ্ধ করা হয়েছে। ২০১১ সালে ফ্রান্স ও বেলজিয়াম এ ধরনের নিষেধাজ্ঞা জারি করে। পরে ২০১৬ সালে বুলগেরিয়া, ২০১৭ সালে অস্ট্রিয়া, ২০১৮ সালে লুক্সেমবার্গ ও ডেনমার্ক এবং ২০১৯ সালে নেদারল্যান্ডসের কিছু নির্দিষ্ট জনপরিসরে মুখ ঢাকার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।

সূত্র: দ্য টেলিগ্রাফ

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার