বিজ্ঞাপন
১৮ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে গ্রিন কার্ডের আবেদনের নিয়ম
সরকারি সুবিধা গ্রহণেও বাড়বে নজর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০২:৫২ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)। আগামী ১৮ সেপ্টেম্বর, ২০২৬ থেকে কার্যকর হতে যাওয়া নতুন ‘পাবলিক চার্জ’ নীতির আওতায় গ্রিন কার্ড প্রত্যাশীদের আর্থিক সক্ষমতা আরও কঠোরভাবে যাচাই করা হবে।
সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত নীতিমালায় ইউএসসিআইএস জানিয়েছে, অভিবাসীরা যেন করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার ওপর নির্ভরশীল না হয়ে নিজেরা স্বাবলম্বী হন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৮ সেপ্টেম্বর বা এর পরে জমা দেওয়া ‘অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস’ বা ফর্ম আই-৪৮৫ আবেদনের ক্ষেত্রে নতুন এই নিয়ম পুরোপুরি প্রযোজ্য হবে।
নতুন নীতি অনুযায়ী, গ্রিন কার্ডের জন্য আবেদনকারী কোনো ব্যক্তি ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়বেন কি না, তা নির্ধারণ করতে পাঁচটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন ইমিগ্রেশন কর্মকর্তারা। এগুলো হলো—আবেদনকারীর বয়স, স্বাস্থ্যগত অবস্থা, পারিবারিক পরিস্থিতি, সম্পদ ও আর্থিক সক্ষমতা এবং শিক্ষা ও দক্ষতা।
এর পাশাপাশি স্পন্সরের দেওয়া আর্থিক নিশ্চয়তাপত্র বা ফর্ম আই-৮৬৪-ও বিবেচনা করা হবে। নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বরের পর থেকে ফুড স্ট্যাম্প, আবাসন সহায়তা, নগদ অর্থ কিংবা কলেজে পড়ার জন্য আর্থিক অনুদানের মতো যেকোনো ধরনের সরকারি সুবিধা গ্রহণ করলেই তা যাচাই-বাছাইয়ে প্রভাব ফেলবে।
তবে এর আগে নেওয়া সুবিধার ক্ষেত্রে পুরোনো নিয়ম অনুযায়ী শুধুমাত্র নগদ অর্থ সহায়তা ও দীর্ঘমেয়াদি সরকারি চিকিৎসাসেবা বিবেচনা করা হবে। ইমিগ্রেশন কর্মকর্তারা প্রতিটি আবেদনকারীর সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবেন।
অবশ্য এই কঠোর নিয়মের আওতার বাইরে রাখা হয়েছে বিশেষ কিছু শ্রেণির অভিবাসীদের। এর মধ্যে রয়েছেন শরণার্থী বা অ্যাসাইলাম প্রাপ্তরা, মানবপাচার ও পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তি এবং বিশেষ অভিবাসী কিশোর-কিশোরীরা। এছাড়া, কোনো আবেদনকারী যদি শুধুমাত্র ‘পাবলিক চার্জ’ বা সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হওয়ার আশঙ্কায় বাতিল হওয়ার ঝুঁকিতে থাকেন, তবে তাকে ‘পাবলিক চার্জ বন্ড’ বা আর্থিক গ্যারান্টি জমা দেওয়ার সুযোগ দিতে পারে ইউএসসিআইএস।
এটি একটি নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ বা গ্যারান্টি, যা প্রমাণ করে যে আবেদনকারী ভবিষ্যতে সরকারের ওপর নির্ভরশীল হবেন না। ইমিগ্রেশন কর্মকর্তার দেওয়া চিঠির ভিত্তিতে নির্দিষ্ট শর্ত পূরণ করে বন্ড জমা দিতে পারলে সংশ্লিষ্ট আবেদনকারী গ্রিন কার্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন এবং যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন।