বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০১:০৮ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার (১৮ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং। ২০৩০ সালের মধ্যে সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধকালীন অপারেশনাল কন্ট্রোল (অপকন) ফিরিয়ে আনবেন বলে মন্তব্য করেছেন তিনি। এসময় নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার ওপরও জোর দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।
বৈঠকে প্রেসিডেন্ট লি জানান, তার সরকার শুরু থেকেই বিভিন্ন পরিকল্পনা করে আসছে। সেই অনুযায়ী কাজ চললে তার মেয়াদেই যুদ্ধকালীন সামরিক নিয়ন্ত্রণ দক্ষিণ কোরিয়ার হাতে ফিরিয়ে আনা সম্ভব হবে। একই সঙ্গে, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর গুরুত্বের কথাও জানিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট লির নতুন করে অপকন ফেরানোর এ অঙ্গীকার এমন সময় করলেন, যখন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। গত সোমবার (১৭ আগস্ট) থেকে দুই দেশ ‘উলচি ফ্রিডম শিল্ড’ নামে পরিচিত গ্রীষ্মকালীন সামরিক মহড়া শুরু করেছে।
তবে, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে মার্কিন প্রচেষ্টায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া ‘উল্লেখযোগ্যভাবে’ কমানোর জন্য পেন্টাগনকে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখে আসছে উত্তর কোরিয়া। ফলে, ট্রাম্পের মন্তব্য উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার সম্ভাব্য উদ্যোগ হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্কের এমন টানাপোড়েনের জেরে শক্তিশালী সামরিক জোট এবং নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়াতে চাচ্ছে দক্ষিণ কোরিয়া। নিজেদের সক্ষমতা বাড়াতে পারলে মিত্র হিসেবে নিজেদের গুরুত্বও বাড়বে বলে মনে করেন প্রেসিডেন্ট লি।
নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে এরই মধ্যে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সংগ্রহের প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন লি জে মিয়ং। পাশাপাশি, দেশটির তিনটি সামরিক একাডেমিকে একীভূত করার পরিকল্পনা বাস্তবায়নেরও নির্দেশ দিয়েছেন তিনি।
দক্ষিণ কোরিয়ার যুদ্ধকালীন সামরিক নিয়ন্ত্রণ বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে। ১৯৫০ থেকে ১৯৫৩ সালে চলা কোরীয় যুদ্ধের সময় দক্ষিণ কোরিয়া তাদের সামরিক বাহিনীর অপারেশনাল কন্ট্রোল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জাতিসংঘ কমান্ডের কাছে হস্তান্তর করেছিল। পরে ১৯৭৮ সালে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র যৌথ বাহিনী কমান্ড প্রতিষ্ঠার পর সেই নিয়ন্ত্রণ ওই কমান্ডের কাছে চলে আসে। তবে, ১৯৯৪ সালে শান্তিকালীন সামরিক নিয়ন্ত্রণ দক্ষিণ কোরিয়া নিজেদের হাতে ফিরিয়ে নিলেও যুদ্ধকালীন নিয়ন্ত্রণ এখনো যুক্তরাষ্ট্রের কাছেই রয়ে গেছে।
সূত্র: দ্য কোরিয়া টাইমস