বিজ্ঞাপন
নিউইয়র্কে থাকেন, ড্রাইভিং লাইসেন্স রিনিউয়ের আগে যা জানা জরুরি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৫:৫২ এএম
বিজ্ঞাপন
নিউ ইয়র্কে ড্রাইভার লাইসেন্স রিনিউ করতে যাচ্ছেন? শুধু পুরোনো লাইসেন্স হাতে নিয়ে ডিএমভি অফিসে যাওয়ার আগে জেনে নেওয়া জরুরি, আপনি শুধু লাইসেন্স রিনিউ করবেন, নাকি স্ট্যান্ডার্ড লাইসেন্স থেকে রিয়েল আইডি বা এনহ্যান্সড লাইসেন্সে পরিবর্তন করবেন। কারণ তিনটির নিয়ম এক নয়। প্রয়োজনীয় কাগজপত্র ঠিক না থাকলে ডিএমভিতে গিয়েও কাজ শেষ না করে ফিরে আসতে হতে পারে।
নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব মোটর ভেহিক্যালসের বর্তমান নিয়ম অনুযায়ী, সাধারণ ড্রাইভার লাইসেন্স মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে থেকেই রিনিউ করা যায়। এমনকি মেয়াদ শেষ হওয়ার পরও দুই বছরের মধ্যে রিনিউ করার সুযোগ থাকে। তবে মেয়াদ শেষ হওয়া লাইসেন্স নিয়ে গাড়ি চালানো বৈধ নয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে ফেডারেল রিয়েল আইডি ব্যবস্থায়। ২০২৫ সালের ৭ মে থেকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটে পরিচয়পত্র হিসেবে সাধারণ স্ট্যান্ডার্ড ড্রাইভার লাইসেন্স আর গ্রহণ করছে না ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন। ফলে নিউ ইয়র্কের স্ট্যান্ডার্ড লাইসেন্স দিয়ে গাড়ি চালানো গেলেও সেটি একা দেখিয়ে এয়ারপোর্টের টিএসএ সিকিউরিটি চেকপয়েন্ট পার হওয়ার ওপর নির্ভর করা যাবে না।
তবে এর অর্থ এই নয় যে স্ট্যান্ডার্ড লাইসেন্সধারীরা প্লেনে ভ্রমণই করতে পারবেন না। তাদের রিয়েল আইডি বা এনহ্যান্সড আইডির পরিবর্তে বৈধ যুক্তরাষ্ট্রের পাসপোর্ট, পাসপোর্ট কার্ড, পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড বা টিএসএ অনুমোদিত অন্য পরিচয়পত্র ব্যবহার করার সুযোগ রয়েছে।
আপনার নিউ ইয়র্ক ড্রাইভার লাইসেন্সে যদি রিয়েল আইডির তারকা বা এনহ্যান্সড লাইসেন্সের যুক্তরাষ্ট্রের পতাকার চিহ্ন না থাকে এবং সেটি স্ট্যান্ডার্ড লাইসেন্স হয়, তাহলে ফেডারেল পরিচয়পত্রের প্রয়োজন হয় এমন কাজে সেটি ব্যবহার করা যাবে না।
যারা শুধু বর্তমান স্ট্যান্ডার্ড লাইসেন্স একই ধরনের লাইসেন্স হিসেবে রিনিউ করতে চান, তারা যোগ্য হলে অনলাইনে রিনিউ করতে পারেন। আগে থেকেই রিয়েল আইডি বা এনহ্যান্সড লাইসেন্স থাকলেও অনেক ক্ষেত্রে অনলাইনে রিনিউ করা যায় এবং ডকুমেন্টের ধরন একই থাকে।
কিন্তু স্ট্যান্ডার্ড লাইসেন্স থেকে প্রথমবার রিয়েল আইডি বা এনহ্যান্সড লাইসেন্সে পরিবর্তন করতে হলে ডিএমভি অফিসে সরাসরি যেতে হবে। প্রয়োজনীয় পরিচয় ও বসবাসের প্রমাণ জমা দিতে হবে এবং নতুন ছবি তোলা হবে।
রিয়েল আইডি বা এনহ্যান্সড লাইসেন্সের ক্ষেত্রে ডিএমভি আবেদনকারীর পূর্ণ বৈধ নামের প্রমাণ চায়। কোনো ডকুমেন্টে ডাকনাম, সংক্ষিপ্ত নাম বা অন্য নাম থাকলে অতিরিক্ত কাগজপত্র প্রয়োজন হতে পারে। বিয়ে, ডিভোর্স বা আদালতের আদেশের কারণে নাম পরিবর্তন হয়ে থাকলে আগের ও বর্তমান নামের সংযোগ প্রমাণের কাগজও সঙ্গে রাখতে হতে পারে।
একই সঙ্গে নিউইয়র্কে বসবাসের দুটি গ্রহণযোগ্য প্রমাণ দিতে হয়। বর্তমান নিউইয়র্ক ঠিকানাসহ ড্রাইভার লাইসেন্স বা নন ড্রাইভার আইডি, সাম্প্রতিক ব্যাংক স্টেটমেন্ট, পে স্টাব, ইউটিলিটি বিলসহ বিভিন্ন ডকুমেন্ট গ্রহণযোগ্য হতে পারে। অধিকাংশ রেসিডেন্সি ডকুমেন্ট ডিএমভি অফিসে যাওয়ার আগের ৩৬৫ দিনের মধ্যে ইস্যু করা হতে হয় এবং পোস্ট অফিস বক্সকে আবাসিক ঠিকানা হিসেবে গ্রহণ করা হয় না।
সোশ্যাল সিকিউরিটি সম্পর্কিত প্রমাণসহ ঠিক কোন ডকুমেন্ট আপনার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে, তা আবেদনকারীর পরিস্থিতির ওপর নির্ভর করতে পারে। তাই শুধু সোশ্যাল সিকিউরিটি কার্ড বা ডব্লিউ-টু সঙ্গে নিলেই সবার ডকুমেন্টের প্রয়োজনীয়তা পূরণ হবে, এমন ধরে নেওয়া ঠিক নয়। ডিএমভির ডকুমেন্ট গাইড ব্যবহার করে নিজের জন্য নির্দিষ্ট তালিকা তৈরি করাই নিরাপদ।
ডিএমভি এখন অনলাইন প্রি-স্ক্রিনিং সুবিধাও দিচ্ছে। রিয়েল আইডি বা এনহ্যান্সড আইডির জন্য অফিসে যাওয়ার আগে প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে তা যাচাই করা যায় এবং নির্দিষ্ট ক্ষেত্রে কাগজপত্র আগেই রিভিউয়ের জন্য জমা দেওয়ার সুযোগও রয়েছে। এতে ভুল বা অসম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে অফিসে যাওয়ার ঝুঁকি কমে।
রিয়েল আইডির জন্য সাধারণ ট্রানজ্যাকশন ফি ছাড়া আলাদা ৩০ ডলারের কোনো চার্জ নেই। তবে এনহ্যান্সড ড্রাইভার লাইসেন্সের জন্য নিয়মিত ফি ছাড়াও অতিরিক্ত ৩০ ডলার দিতে হয়।
এনহ্যান্সড লাইসেন্সের একটি বাড়তি সুবিধা রয়েছে। যোগ্য যুক্তরাষ্ট্রের নাগরিকরা কানাডা, মেক্সিকো এবং ক্যারিবীয় অঞ্চলের নির্দিষ্ট দেশ থেকে স্থল বা সমুদ্রপথে যুক্তরাষ্ট্রে ফেরার সময় এটি ব্যবহার করতে পারেন। তবে এসব দেশ থেকে আন্তর্জাতিক বিমান ভ্রমণের জন্য এনহ্যান্সড লাইসেন্স পাসপোর্টের বিকল্প নয়।
নিউইয়র্কের সবচেয়ে প্রচলিত ক্লাস ডি ড্রাইভার লাইসেন্সের সাধারণ আট বছরের রিনিউ ফি ৬৪ দশমিক ৫০ ডলার। নিউইয়র্ক সিটি এবং মেট্রোপলিটন কমিউটার ট্রান্সপোর্টেশন ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত কাউন্টিগুলোতে আট বছরের লাইসেন্সের জন্য অতিরিক্ত ১৬ ডলার এমসিটিডি ফি প্রযোজ্য হওয়ায় মোট ফি ৮০ দশমিক ৫০ ডলার হতে পারে। এনহ্যান্সড লাইসেন্স নিলে এর সঙ্গে আরও ৩০ ডলার যোগ হবে।
কমার্শিয়াল ক্লাস এ, বি বা সি লাইসেন্সের সাধারণ রিনিউ ফি ১৬৪ দশমিক ৫০ ডলার। এমসিটিডি এলাকায় তা ১৮০ দশমিক ৫০ ডলার হতে পারে। লাইসেন্সের শ্রেণি ও অন্যান্য পরিস্থিতির কারণে ফি ভিন্ন হতে পারে।
আরেকটি বিষয় ভুলে গেলে রিনিউ আটকে যেতে পারে। নিউইয়র্কে ড্রাইভার লাইসেন্স রিনিউ করার জন্য ভিশন টেস্ট পাস করা বাধ্যতামূলক। ডিএমভি অফিসে পরীক্ষা দেওয়া যায়, আবার অনুমোদিত ভিশন প্রোভাইডারের মাধ্যমেও পরীক্ষা করানো যায়। অনলাইনে রিনিউ করলে অনুমোদিত ভিশন টেস্টের তথ্য ডিএমভিতে থাকতে হবে। ভিশন টেস্টের ফল সাধারণত ১২ মাস পর্যন্ত কার্যকর থাকে।
যাদের লাইসেন্সের মেয়াদ শেষ হতে এখনো ১২ মাসের বেশি বাকি, তারাও নির্দিষ্ট শর্ত পূরণ করলে আগাম রিনিউ করে রিয়েল আইডি বা এনহ্যান্সড লাইসেন্সে পরিবর্তন করতে পারেন। তবে আগাম রিনিউয়ের ক্ষেত্রে লাইসেন্সের নতুন মেয়াদ ও মোট ফি স্বাভাবিক রিনিউয়ের তুলনায় আলাদা এবং কখনো বেশি হতে পারে।
সব মিলিয়ে ডিএমভিতে যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের বর্তমান লাইসেন্সের ধরন এবং কী ধরনের লাইসেন্স নিতে চান তা নিশ্চিত করা। বিশেষ করে রিয়েল আইডি বা এনহ্যান্সড লাইসেন্স নিতে চাইলে পূর্ণ বৈধ নাম, পরিচয়, বৈধ স্ট্যাটাস ও নিউইয়র্কের ঠিকানার প্রয়োজনীয় প্রমাণ আগে থেকেই প্রস্তুত রাখা জরুরি। কয়েক মিনিটের প্রস্তুতি ডিএমভি অফিসে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর খালি হাতে ফিরে আসার ঝুঁকি অনেকটাই কমাতে পারে।