Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

টানা ৩ বার ট্রাম্পকে ভোট, এবার ইমিগ্রেশন অভিযানে আটক নিজের স্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৫:২৮ এএম

টানা ৩ বার ট্রাম্পকে ভোট, এবার ইমিগ্রেশন অভিযানে আটক নিজের স্ত্রী

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনবার ভোট দিয়েছেন ব্রেন্ট জিনড্রা। ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন নীতিও ছিল তার সমর্থনের অন্যতম কারণ। কিন্তু যে অভিযানের মাধ্যমে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি ভেবেছিলেন, সেই অভিযানে নিজের স্ত্রী গালিনা বোব্রেনেভা আটক হওয়ার পর বদলে গেছে তার দৃষ্টিভঙ্গি।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ৪৮ বছর বয়সী জিনড্রা পেশায় টেক সেলসম্যান। তার স্ত্রী বোব্রেনেভা রাশিয়ার নাগরিক। ২০২১ সালের শেষ দিকে ট্যুরিস্ট ভিসায় বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন তিনি। পরে দুবার তার থাকার মেয়াদ বাড়ানো হয় এবং ২০২২ সালে তিনি অ্যাসাইলামের আবেদন করেন।

২০২৫ সালের মার্চে জিনড্রার সঙ্গে তার পরিচয় হয়। একই বছরের ডিসেম্বরে তারা বিয়ে করেন। এরপর ২০২৬ সালের এপ্রিলে স্ত্রীর জন্য ম্যারেজ বেসড গ্রিন কার্ডের আবেদন করেন জিনড্রা। আবেদন গ্রহণের আনুষ্ঠানিক নোটিশও পেয়েছিলেন তারা এবং বোব্রেনেভার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছিল।

কিন্তু গত ১৩ জুলাই সান ফ্রান্সিসকো থেকে ক্যালিফোর্নিয়ার বারব্যাঙ্কে ফ্লাইটে পৌঁছানোর পর পরিস্থিতি বদলে যায়। বিমানবন্দরে সাদা পোশাকের ফেডারেল এজেন্টরা বোব্রেনেভাকে থামান। প্রায় ১৫ মিনিট জিজ্ঞাসাবাদের পর তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়।

এজেন্টরা তাকে জানান, তিনি ভিসার অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন। বোব্রেনেভা তখন নিজের চলমান গ্রিন কার্ড আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখান। তার দাবি, তিনি নিশ্চিত ছিলেন কোথাও ভুল হচ্ছে।

এরপর শুরু হয় ১৬ দিনের ডিটেনশন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রথমে তাকে লস অ্যাঞ্জেলেসের একটি হোল্ডিং সেলে রাখা হয়। পরে ক্যালিফোর্নিয়ার মোহাভি মরুভূমি এলাকার অ্যাডেলান্টো ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। শেষ পর্যন্ত ৩৫ হাজার ডলারের বন্ডে তাকে মুক্তি দেওয়া হয় এবং তার পায়ে ইলেকট্রনিক মনিটর লাগানো হয়।

তবে বোব্রেনেভার ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে দুই পক্ষের বক্তব্য আলাদা। তার আইনজীবীর দাবি, তিনি কখনোই আইনগত স্ট্যাটাসের বাইরে ছিলেন না। অন্যদিকে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বলেছে, বোব্রেনেভা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করেছেন। সংস্থাটি আরও স্পষ্ট করেছে, ওয়ার্ক অথরাইজেশন বা কোনো আবেদন পেন্ডিং থাকা নিজে থেকে যুক্তরাষ্ট্রে বৈধ ইমিগ্রেশন স্ট্যাটাস দেয় না।

স্ত্রীর আটক হওয়ার পর ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন অভিযান নিয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন জিনড্রা। তিনি বলেন, ম্যাগা ক্যাম্পেইনের আকর্ষণ ছিল অপরাধী হিসেবে অবৈধভাবে প্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিতে। কিন্তু বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তিদের বিরুদ্ধেও এমন অভিযান চালানো হবে, এমন কোনো ম্যান্ডেট তিনি দেখেননি।

স্ত্রীর যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়টি তুলে ধরে জিনড্রা বলেন, তিনি দেয়াল টপকে কিংবা নদী সাঁতরে যুক্তরাষ্ট্রে আসেননি, বরং বৈধ পথেই দেশে প্রবেশ করেছিলেন।

তবে ফেডারেল ইমিগ্রেশন আইনে বৈধভাবে প্রবেশ করা এবং পরবর্তী সময়ে বৈধ স্ট্যাটাস বজায় রাখা দুটি আলাদা বিষয়। কোনো ব্যক্তি বৈধ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে তার বিরুদ্ধে ইমিগ্রেশন ব্যবস্থা নেওয়া সম্ভব। একই সঙ্গে অ্যাসাইলাম, গ্রিন কার্ড বা অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাসের আবেদন পেন্ডিং থাকলেই স্বয়ংক্রিয়ভাবে বৈধ স্ট্যাটাস তৈরি হয় না। বোব্রেনেভার ক্ষেত্রে ঠিক কোন আইনি অবস্থান প্রযোজ্য, সেটিই এখন তার চলমান ইমিগ্রেশন মামলার অন্যতম বিরোধের বিষয়।

বোব্রেনেভা বর্তমানে মুক্ত থাকলেও তার মামলা শেষ হয়নি। তাকে নির্দিষ্ট এলাকার মধ্যে চলাচল করতে হচ্ছে এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে নিয়মিত রিপোর্ট করতে হচ্ছে। তার প্রথম কোর্ট হিয়ারিং ২২ অক্টোবর নির্ধারিত রয়েছে।

তিনবার ট্রাম্পকে ভোট দেওয়া জিনড্রার জন্য ঘটনাটি এখন ব্যক্তিগত বাস্তবতায় পরিণত হয়েছে। স্ত্রীর আটক হওয়ার পর তিনি নিউইয়র্ক টাইমসকে বলেছেন, নিজের দেশেই এখন তারা ভয় নিয়ে বসবাস করছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার