বিজ্ঞাপন
ওমরাহ ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৬:৫৪ পিএম
বিজ্ঞাপন
এক বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন ও বাধ্যতামূলক নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। আজ রবিবার (১৬ আগস্ট) এক আদেশে বৈধ ভিসা থাকা সত্ত্বেও প্রতিবার সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের পূর্বে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহর অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। খবর গলফ নিউজের
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই মাসে চালু হওয়া একাধিকবার প্রবেশের এই ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত মেয়াদি হলেও ভিসাধারীরা পুরো মেয়াদে সব মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন সৌদিতে অবস্থান করতে পারবেন। ওমরাহ যাত্রায় নমনীয়তা নিশ্চিত করতে এই ভিসা চালুর পাশাপাশি বলা হয়েছে, ভিসাধারীদের সৌদি আরবে যাওয়ার আগে নুসুক প্ল্যাটফর্ম থেকে অনুমোদিত সেবা প্যাকেজ কেনার পাশাপাশি নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের আগাম অনুমতিও নিতে হবে।
মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, অনুমতিপত্রে উল্লেখ করা ওমরাহের তারিখের সঙ্গে অনুমোদিত সেবা প্যাকেজের তারিখের মিল থাকা আবশ্যক। সেবা প্যাকেজের মেয়াদ কোনোভাবেই ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না। প্রথমবার ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের প্রথমে নুসুকে সেবা প্যাকেজ কিনে ভিসার জন্য আবেদন করতে হবে এবং সব যোগ্যতা যাচাই পর্ব শেষ করেই বিমানে চড়তে হবে।
সৌদিতে প্রবেশ এবং প্রস্থানকালে যাত্রীদের অবস্থান সম্পর্কিত তথ্য নথিভুক্ত করা হবে, যাতে তিনি অনুমোদিত ৯০ দিনের কত দিন ব্যবহার করেছেন এবং কত দিন বাকি রয়েছে তা হিসাব করা যায়। মন্ত্রণালয়ের এই নির্দেশনার মূল বার্তা হলো, এক বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ওমরাহ ভিসা থাকা সত্ত্বেও প্রতিবার নতুন করে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদিতে পা রাখার আগে আলাদাভাবে সেবা প্যাকেজ বুকিং ও অনুমতি নেওয়ার নিয়ম মানতেই হবে।