বিজ্ঞাপন
যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে আকস্মিক বন্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:০২ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাজ্যের সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর হিথ্রোতে পানির প্রধান পাইপ (ওয়াটার মেইন) ফেটে আকস্মিক বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর ফলে টার্মিনাল ২ ও ৩-এ যাওয়ার প্রধান সড়কগুলো বন্ধ হয়ে গেছে এবং গ্রীষ্মকালীন ছুটিতে ভ্রমণে বের হওয়া হাজারো যাত্রীকে বিকল্প পথে বিমানবন্দরে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইনার রিং রোড ওয়েস্টের নিচে থাকা একটি বড় পানির পাইপ ফেটে কেন্দ্রীয় টার্মিনাল এলাকায় দ্রুত পানি জমে যায়। লিকেজ ইতোমধ্যে বিচ্ছিন্ন করা হলেও মেরামতের কাজ চলমান রয়েছে এবং পরিস্থিতির প্রভাব কিছু সময় ধরে অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।
হিথ্রো কর্তৃপক্ষ যাত্রীদের সড়কপথ এড়িয়ে হিথ্রো এক্সপ্রেস, এলিজাবেথ লাইন এবং পিকাডিলি লাইন ব্যবহার করার জোরালো পরামর্শ দিয়েছে। যারা বাধ্য হয়ে গাড়িতে আসবেন, তাদের পার্ক অ্যান্ড রাইড ব্যবহার করে টার্মিনাল ৪ বা ৫-এ গিয়ে সেখান থেকে বিনামূল্যের রেলসেবায় টার্মিনাল ২ ও ৩-এ পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা করার আহ্বান জানানো হয়েছে।
বিমানবন্দরের এক বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের দল যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। যাত্রীদের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”
তবে বন্যার কারণে সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটলেও বিমান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। ভার্জিন আটলান্টিক জানিয়েছে, টার্মিনাল ৩ থেকে পরিচালিত তাদের সব ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলছে। একইভাবে ব্রিটিশ এয়ারওয়েজও জানিয়েছে, তাদের ফ্লাইট পরিচালনায় কোনো পরিবর্তন আসেনি এবং যাত্রীদের বিমানবন্দরের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
এটি চলতি বছর হিথ্রোতে পানির পাইপ ফেটে সৃষ্ট দ্বিতীয় বড় ঘটনা। মে মাসেও একই ধরনের একটি দুর্ঘটনায় বিমানবন্দরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছিল, যার ফলে ট্রেন চলাচল ব্যাহত হয় এবং অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত জরুরি ব্যবস্থা কার্যকর করতে হয়েছিল।
শনিবার ভ্রমণকারী যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করে নেওয়ার এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে হিথ্রো কর্তৃপক্ষ।