বিজ্ঞাপন
লন্ডনের বারনেটে প্রথম কাউন্সিল পরিচালিত ইসলামিক স্কুল
সেপ্টেম্বরে নতুন যাত্রা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৪:৫৬ এএম
বিজ্ঞাপন
লন্ডনের বারনেটে আগামী সেপ্টেম্বর থেকে প্রথমবারের মতো কাউন্সিল পরিচালিত একটি ইসলামিক ধর্মীয় স্কুল চালু হতে যাচ্ছে। এর ফলে স্থানীয় মুসলিম পরিবারের শিশুদের জন্য প্রাথমিক শিক্ষায় ভর্তির সুযোগ আরও বাড়বে বলে আশা করছে বারনেট কাউন্সিল।
ওয়েস্ট হেনডনের মন্টাগু রোডে অবস্থিত বারনেট হিল একাডেমি গত ২০ বছর ধরে একটি স্বাধীন ইসলামিক ধর্মীয় স্কুল হিসেবে পরিচালিত হয়ে আসছে। নতুন শিক্ষাবর্ষের শুরু থেকে স্কুলটি ফি-নির্ভর স্বাধীন প্রতিষ্ঠান থেকে ‘ভলান্টারি এইডেড’ (Voluntary Aided) স্কুল ও নার্সারিতে রূপান্তরিত হবে।
নতুন ব্যবস্থায় স্থানীয় কাউন্সিল স্কুলটির পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এর ফলে ৪ থেকে ১১ বছর বয়সী আরও বেশি প্রাথমিক শিক্ষার্থীর জন্য স্কুলটি সহজলভ্য হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বারনেট কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে স্কুলের জায়গার জন্য ‘স্পষ্ট ও প্রমাণভিত্তিক চাহিদা’ রয়েছে। সেই চাহিদা বিবেচনা করেই স্কুলটির ব্যবস্থাপনায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাউন্সিল জানিয়েছে, বিভিন্ন ধরনের স্কুলের সুযোগ নিশ্চিত করা, অভিভাবকদের পছন্দের সুযোগ বাড়ানো এবং তাঁদের মতামত বিবেচনা করা স্থানীয় কর্তৃপক্ষের আইনি দায়িত্বের অংশ।
এদিকে স্কুলটির নার্সারি বিভাগে বড় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। কাউন্সিল জানিয়েছে, তাদের নতুন ভূমিকা কার্যকর হওয়ার পরও নার্সারির বয়সসীমা, শিক্ষার্থী ধারণক্ষমতা, অবকাঠামো ও পরিচালন ব্যবস্থায় কোনো পরিবর্তনের প্রস্তাব নেই।
বারনেট কাউন্সিলের শিশু সেবা বিভাগের নির্বাহী পরিচালক জন অ্যান্থনি গত সপ্তাহে স্কুলটির নতুন ব্যবস্থাপনা কাঠামোর অনুমোদন দেন।
কাউন্সিলের আশা, নতুন ব্যবস্থার মাধ্যমে বারনেটের মুসলিম পরিবারের শিশুদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে এবং অভিভাবকদের স্কুল বেছে নেওয়ার ক্ষেত্রেও বিকল্প বাড়বে।