বিজ্ঞাপন
সূর্যগ্রহণের আলোছায়ায় হাঁটু গেড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:৪০ পিএম
বিজ্ঞাপন
আকাশে সূর্য আর চাঁদের বিরল মিলন, সামনে ফরাসি আল্পসের বিশাল পাহাড়। ঠিক সেই মুহূর্তে সঙ্গীর সামনে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিলেন এক ব্যক্তি। ১২ আগস্টের সূর্যগ্রহণকে ঘিরে ফ্রান্সের বিখ্যাত ভ্যাল থোরেন্সে ধারণ করা এমন একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফ্রান্সের তারেন্তেজ উপত্যকার জনপ্রিয় পাহাড়ি পর্যটনকেন্দ্র ভ্যাল থোরেন্সে ঘটনাটি ঘটে। সূর্যগ্রহণ চলার সময় পাহাড়ের দিগন্তে সূর্য যখন চাঁদের আড়ালে অনেকটাই ঢাকা পড়ছিল, তখন সঙ্গীর সামনে হাঁটু গেড়ে বসেন ওই ব্যক্তি। এরপর তাকে বিয়ের প্রস্তাব দেন।
পুরো মুহূর্তটি ক্যামেরায় ধারণ করেন ফটোগ্রাফার অরেল ড্রু। ভ্যাল থোরেন্স কর্তৃপক্ষও সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। এরপর দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটি। অনেকেই পাহাড়, গ্রহণে ঢাকা সূর্য এবং বিয়ের প্রস্তাবের মুহূর্তকে সিনেমার দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন।
তবে ভ্যাল থোরেন্সে পূর্ণ সূর্যগ্রহণ হয়েছিল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বর্ণনা ছড়িয়েছে, সেটি সঠিক নয়। ১২ আগস্ট ফ্রান্সের এই অংশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে। পূর্ণ সূর্যগ্রহণের সরু পথটি ফ্রান্সের ওপর দিয়ে যায়নি।
নাসার তথ্য অনুযায়ী, ১২ আগস্টের পূর্ণ সূর্যগ্রহণের পথ উত্তর রাশিয়া থেকে শুরু হয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও উত্তর আটলান্টিক অতিক্রম করে স্পেনে পৌঁছায়। পর্তুগালের একেবারে ছোট একটি অংশ থেকেও পূর্ণ গ্রহণ দেখা গেছে। ফ্রান্সসহ ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে দেখা গেছে আংশিক সূর্যগ্রহণ।
পূর্ণ গ্রহণের পথে চাঁদ অল্প সময়ের জন্য সূর্যের উজ্জ্বল অংশ পুরোপুরি ঢেকে দেয়। নাসা জানিয়েছে, এবারের গ্রহণে পূর্ণতার সময় অধিকাংশ স্থানে দুই মিনিটেরও কম ছিল। গ্রহণের কেন্দ্রের কাছাকাছি কিছু এলাকায় এই সময় দুই মিনিটের কিছু বেশি স্থায়ী হয়।
ভ্যাল থোরেন্সের ওই যুগলের জন্য অবশ্য জ্যোতির্বিজ্ঞানের হিসাবের চেয়ে মুহূর্তটির ব্যক্তিগত তাৎপর্যই ছিল বড়। পাহাড়ের পেছনে গ্রহণে ঢাকা সূর্য অস্ত যাওয়ার কাছাকাছি সময়ে দেওয়া সেই বিয়ের প্রস্তাব এমন এক দৃশ্য তৈরি করেছে, যা একইভাবে দ্বিতীয়বার সাজিয়ে তোলা প্রায় অসম্ভব।
সূর্যগ্রহণের অসংখ্য ছবি ও ভিডিও যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছিল, তখন ফরাসি আল্পসের এই ছোট্ট ঘটনাটি আলাদা করে মানুষের নজর কেড়েছে। আকাশের বিরল এক দৃশ্যের সঙ্গে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে মিলিয়ে ওই যুগল নিজেদের জন্য তৈরি করেছেন স্মরণীয় এক মুহূর্ত।