Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ আখ্যা দিলেন নেতানিয়াহু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:০৭ পিএম

যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ আখ্যা দিলেন নেতানিয়াহু

বিজ্ঞাপন

যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঐতিহাসিকভাবে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্রদের একটিকে ইঙ্গিত করে এই কটাক্ষ করলেন তিনি। খবর আল জাজিরার।

গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রচারিত ‘মেলেখ ব্লিটজার হাইম’ শীর্ষক একটি ইসরায়েলি পডকাস্টে নেতানিয়াহু এই মন্তব্য করেন। ব্রিটিশ গণমাধ্যমে ইসরায়েল সম্পর্কিত সংবাদ নিয়ে আপত্তি প্রকাশ করতেই তিনি এমন বক্তব্য দেন।

উদাহরণ হিসেবে নেতানিয়াহু ব্রিটিশ লেখক র‌্যান্ডলফ চার্চিলের প্রসঙ্গ টেনে আনেন। ১৯৬৭ সালের ‘ছয় দিনের যুদ্ধে’ ইসরায়েলকে নিয়ে ইতিবাচক প্রতিবেদনের জন্য নেতানিয়াহু তার প্রশংসা করেন। এরপরই ব্যঙ্গাত্মক সুরে নেতানিয়াহু যোগ করেন, ‘আজকের ব্রিটেনে এমন কিছু খুঁজে দেখুন দেখি। এটিকে চাইলে আপনি ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলতে পারেন।’

পডকাস্টের পরবর্তী অংশে ২০২২ সালে বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের করা একটি মন্তব্যও টেনে আনেন তিনি। বলেন, ‘একজন তো বলেইছিলেন যে পারমাণবিক অস্ত্রধারী প্রথম ইসলামিক প্রজাতন্ত্র হতে যাচ্ছে 'ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন।’

এরপরই তিনি যোগ করেন, ‘আমরা নিশ্চিত করছি যাতে ইরান আমাদের এখানে দ্বিতীয় এমন কোনো রাষ্ট্র সৃষ্টি করতে না পারে।’

প্রসঙ্গত, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ইসরায়েল ইস্যুতে পূর্বসুরি কিয়ার স্টারমারের তুলনায় কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন। ক্ষমতায় আসার আগেই তিনি বলেছিলেন, তার দল লেবার পার্টি গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের বিষয়ে ঠিকঠাক প্রতিক্রিয়া জানাতে পারেনি। সেজন্য তিনি ক্ষমাও চেয়েছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার