Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

কারাগারে ইমরান খানের মৃত্যু?

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৪:৪০ এএম

কারাগারে ইমরান খানের মৃত্যু?

বিজ্ঞাপন

কয়েক মাস ধরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির সম্ভাব্য সময় নিয়ে নানা আলোচনা চলছিল। এর মধ্যেই রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার ‘মৃত্যু হয়েছে’ এমন খবর ছড়িয়ে পড়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা এই সাবেক প্রধানমন্ত্রী আদৌ জীবিত আছেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এরই মধ্যে পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খানের একটি দাবি পরিস্থিতিকে আরও আলোচনায় নিয়ে এসেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী এই সাংবাদিক সামরিক সূত্রের বরাত দিয়ে দাবি করেছেন, ইমরান খান আর বেঁচে নেই। দীর্ঘদিন ধরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে নির্ভরযোগ্য তথ্য না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ গুঞ্জন আরও জোরালো হয়েছে।

এদিকে ইমরান খানের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পিটিআই। দলটির অভিযোগ, দীর্ঘদিন ধরে ইমরান খানের বোন, আইনজীবী ও ব্যক্তিগত চিকিৎসকদের আদিয়ালা কারাগারে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না।

এ পরিস্থিতিতে ইমরান খানের শারীরিক অবস্থা স্বচক্ষে যাচাই করে নিশ্চিত করার দাবি জানিয়েছে পিটিআই। তা না হলে রাজধানী ইসলামাবাদ অভিমুখে অন্তত ২০ লাখ সমর্থক নিয়ে লংমার্চ ও বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীসহ দলটির জ্যেষ্ঠ নেতারা। তাদের দাবি, ইমরান খানের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত না হলে দেশজুড়ে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে পিটিআইয়ের এ সকল অভিযোগ ও আন্দোলনের হুমকিকে ভিত্তিহীন ও রাজনৈতিক কৌশল বলে আখ্যা দেওয়া হয়েছে। দেশটির সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ইমরান খান মারা গেছেন এমন খবর প্রত্যাখ্যান করেছে। ফলে বর্তমানে তার মৃত্যুর দাবি নিশ্চিত কোনো তথ্য নয়।

তবে পিটিআইয়ের কড়া আলটিমেটামের পরিপ্রেক্ষিতে ইসলামাবাদের প্রবেশপথগুলোতে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এর আগে, গত বছরও প্রায় একই ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়লে ইমরান খানের বোন উজমা খানম কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করার পর পরিস্থিতি শান্ত হয়েছিল। তবে এবার দীর্ঘদিন ধরে স্বজন ও চিকিৎসকদের সাক্ষাৎ বন্ধ থাকায় পাকিস্তানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন এবং বর্তমানে আদিয়ালা জেলে বন্দি। তার স্বাস্থ্য ও কারাবন্দি অবস্থাকে ঘিরে এর আগেও নানা দাবি ও বিতর্ক তৈরি হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার আইনজীবী কারাগারে সাক্ষাতের পর তাকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দেখেছেন বলে জানিয়েছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার