Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদেশি গ্রেপ্তার হলে কি পদক্ষেপ নিবে?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৬:৫১ পিএম

যুক্তরাষ্ট্রে বিদেশি গ্রেপ্তার হলে কি পদক্ষেপ নিবে?

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দেশটির মাটিতে কোনো বিদেশি নাগরিক গ্রেপ্তার বা আটক হলে আইনশৃঙ্খলা বাহিনীকে কী ধরনের পদক্ষেপ নিতে হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা প্রকাশ করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, এসব নিয়ম সব বিদেশি নাগরিকের ক্ষেত্রেই প্রযোজ্য—তিনি বৈধ ভিসাধারী, স্থায়ী বাসিন্দা কিংবা অনিবন্ধিত অভিবাসী যাই হোন না কেন।

প্রথমেই জাতীয়তা যাচাই

কোনো বিদেশি নাগরিককে গ্রেপ্তার বা আটক করার পর আইনশৃঙ্খলা কর্মকর্তাদের প্রথমে তার জাতীয়তা নির্ধারণ করতে হবে। এরপর ওই ব্যক্তির দেশের নাম যুক্তরাষ্ট্রের ‘বাধ্যতামূলক কনস্যুলার বিজ্ঞপ্তি’ তালিকায় রয়েছে কি না, তা যাচাই করতে হবে।

যদি সংশ্লিষ্ট দেশ ওই তালিকায় না থাকে, তাহলে আটক ব্যক্তিকে জানাতে হবে যে তিনি চাইলে নিজের দেশের দূতাবাস বা কনস্যুলেটকে বিষয়টি জানানোর অনুরোধ করতে পারেন। তবে তিনি অনুরোধ না করলে সাধারণত সংশ্লিষ্ট কনস্যুলার কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক নয়।

অন্যদিকে, কোনো ব্যক্তির দেশ যদি বাধ্যতামূলক বিজ্ঞপ্তির তালিকায় থাকে, তাহলে তার অনুমতি নেওয়ার অপেক্ষা না করেই নিকটস্থ দূতাবাস বা কনস্যুলেটকে দ্রুত অবহিত করতে হবে। একই সঙ্গে ওই বিদেশি নাগরিককেও জানাতে হবে যে তার দেশের কনস্যুলার কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

প্রতিটি পদক্ষেপের রেকর্ড রাখতে হবে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নির্দেশনায় আইনশৃঙ্খলা কর্মকর্তাদের পুরো প্রক্রিয়ার লিখিত রেকর্ড সংরক্ষণের কথাও বলা হয়েছে।

এর মধ্যে আটক ব্যক্তিকে কী তথ্য জানানো হয়েছে, তিনি কনস্যুলেটের সঙ্গে যোগাযোগের অনুরোধ করেছেন কি না, দূতাবাস বা কনস্যুলেটকে কখন এবং কীভাবে জানানো হয়েছে—এসব তথ্য নথিভুক্ত করতে হবে।

কনস্যুলার কর্তৃপক্ষকে জানানো হলে তারা আটক ব্যক্তির সঙ্গে যোগাযোগ বা সাক্ষাৎ করতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী তার কল্যাণ, চিকিৎসা কিংবা পরিবারের সঙ্গে যোগাযোগের বিষয়ে সহায়তা করতে পারেন।

তবে কনস্যুলার কর্মকর্তারা আটক ব্যক্তির হয়ে আদালতে আইনজীবী হিসেবে প্রতিনিধিত্ব করেন না।

অভিবাসনগত অবস্থায় ছাড় নেই

পররাষ্ট্র দপ্তরের নির্দেশনার গুরুত্বপূর্ণ বিষয় হলো এসব নিয়ম প্রয়োগের ক্ষেত্রে ব্যক্তির অভিবাসনগত অবস্থাকে আলাদা কোনো মানদণ্ড হিসেবে ধরা হয় না।

অর্থাৎ যুক্তরাষ্ট্রে কোনো বিদেশি নাগরিক বৈধভাবে অবস্থান করছেন নাকি তার অভিবাসন-সংক্রান্ত অবস্থান অনিয়মিত—এটি কনস্যুলার বিজ্ঞপ্তির মৌলিক নিয়ম পরিবর্তন করে না।

এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রে আটক বিদেশি নাগরিকদের নিজ দেশের কনস্যুলার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ নিশ্চিত করা। একই ধরনের কনস্যুলার অধিকার বিদেশে আটক মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র ব্যবহার করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার