বিজ্ঞাপন
দেশ ছাড়ছেন যুক্তরাষ্ট্রের ধনীরা
গোল্ডেন ভিসা নিয়ে কোথায় পাড়ি জমাচ্ছেন তারা?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৫:২৩ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের অনেক ধনী নাগরিক এখন বিদেশে বসবাসের বিকল্প খুঁজছেন। সেই প্রবণতায় সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে নিউজিল্যান্ডের ‘গোল্ডেন ভিসা’ বা বিনিয়োগভিত্তিক আবাসন কর্মসূচি। দেশটির সরকার আবেদন প্রক্রিয়ার কিছু শর্ত সহজ করার পর গত ১৪ মাসে এই কর্মসূচিতে বিদেশিদের আবেদন উল্লেখযোগ্য হারে বেড়েছে।
ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৪ মাসে নিউজিল্যান্ডের ‘অ্যাকটিভ ইনভেস্টর প্লাস ভিসা’ কর্মসূচির জন্য ৭০০-এর বেশি ধনী বিদেশি আবেদন করেছেন। এর আগে টানা তিন বছরে মোট আবেদন ছিল মাত্র ১১৫টি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের এপ্রিল থেকে জমা পড়া আবেদনগুলোর এক-তৃতীয়াংশেরও বেশি এসেছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছ থেকে। এ সময় ২৭৭ জন মার্কিন নাগরিক আবেদন করেছেন, যাদের মধ্যে ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের আগ্রহ সবচেয়ে বেশি।
নিউজিল্যান্ডের এই ভিসা কর্মসূচির আওতায় আবেদনকারীদের নির্দিষ্ট পরিমাণ অর্থ দেশটিতে বিনিয়োগ করতে হয়। একটি বিকল্পে অন্তত ৫০ লাখ নিউজিল্যান্ড ডলার তিন বছরের জন্য স্থানীয় তহবিল, ব্যবসা বা অনুমোদিত খাতে বিনিয়োগ করতে হয়। তবে মোট বিনিয়োগের সর্বোচ্চ ২০ শতাংশ দাতব্য খাতে দেওয়া যায়।
আরেকটি বিকল্পে আবেদনকারীদের পাঁচ বছরের জন্য অন্তত ১ কোটি নিউজিল্যান্ড ডলার অপেক্ষাকৃত স্থিতিশীল বিনিয়োগ খাতে, যেমন বন্ডে বিনিয়োগ করতে হয়। এই ক্যাটাগরিতে বর্তমানে ১২৭টি আবেদন জমা পড়েছে।
এই কর্মসূচির আওতায় অনুমোদন পাওয়া বিদেশি নাগরিকরা অনির্দিষ্টকাল নিউজিল্যান্ডে বসবাস করতে পারেন। পাশাপাশি তারা দেশটিতে বৈধভাবে কাজ করারও সুযোগ পান। বর্তমানে নিউজিল্যান্ডের জনসংখ্যা ৫০ লাখের কিছু বেশি।
ধনী বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সম্প্রতি কর্মসূচির একাধিক শর্ত শিথিল করেছে নিউজিল্যান্ড সরকার। ইংরেজি ভাষায় দক্ষতার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ভিসাধারীদের বছরে কতদিন দেশটিতে অবস্থান করতে হবে, সেই শর্তও আগের তুলনায় কমানো হয়েছে।
২০২২ সালে চালু হওয়া কর্মসূচিতে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ছিল ১ কোটি ৫০ লাখ নিউজিল্যান্ড ডলার। পরে তা কমিয়ে দুটি পৃথক ক্যাটাগরিতে ৫০ লাখ এবং ১ কোটি নিউজিল্যান্ড ডলারে নির্ধারণ করা হয়। একই সঙ্গে বিনিয়োগের সুযোগও বাড়ানো হয়েছে। এখন বন্ড ও নির্দিষ্ট ধরনের সম্পত্তিতেও বিনিয়োগের সুযোগ রয়েছে।
বর্তমান নিয়ম অনুযায়ী, ৫০ লাখ নিউজিল্যান্ড ডলারের বিনিয়োগ ক্যাটাগরিতে থাকা ব্যক্তিদের তিন বছরে অন্তত ২১ দিন নিউজিল্যান্ডে অবস্থান করতে হবে।
অন্যদিকে ১ কোটি নিউজিল্যান্ড ডলারের বিনিয়োগ ক্যাটাগরিতে সাধারণভাবে পাঁচ বছরে অন্তত ১০৫ দিন দেশটিতে থাকতে হয়। তবে অতিরিক্ত অর্থ প্রবৃদ্ধিমুখী বিনিয়োগে রাখলে এই সময়সীমা আরও কমানোর সুযোগ রয়েছে। সর্বোচ্চ ছাড় পাওয়ার পরও অন্তত ৬৩ দিন নিউজিল্যান্ডে অবস্থান করতে হবে।
বিশ্লেষকদের মতে, শর্ত সহজ করা, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা, উন্নত জীবনমান এবং দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগের কারণে নিউজিল্যান্ডের বিনিয়োগভিত্তিক ভিসা কর্মসূচির প্রতি ধনী বিদেশিদের আগ্রহ দ্রুত বাড়ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের উচ্চ আয়ের অনেক ব্যক্তি বিকল্প আবাসনের পরিকল্পনার অংশ হিসেবে এই কর্মসূচির দিকে ঝুঁকছেন।