Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:১৭ পিএম

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা

বিজ্ঞাপন

ট্রুথ সোশ্যাল-এ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট প্রকাশের আগেই সেগুলোর নোটিফিকেশন বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (১২ আগস্ট) ম্যানহাটনের মার্কিন জেলা আদালতে মামলাটি দায়ের করা হয়। খবর সিএনবিসির 

মামলায় বলা হয়েছে, ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট প্রায়ই আর্থিক বাজারে প্রভাব ফেলে। তার সরকারি ঘোষণাগুলো আগাম জানার সুযোগের জন্য মাসে এক লাখ ডলার পর্যন্ত নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

দ্য ইন্টারসেপ্ট মিডিয়া ও অলাভজনক সংগঠন ফ্রিডম অব দ্য প্রেস অ্যাসোসিয়েশন মামলাটি করেছে। তাদের অভিযোগ, ‘ট্রুথ এপিআই’ নামে চালু করা এই সেবা গ্রাহকদের বিপুল অর্থের বিনিময়ে ট্রাম্পের প্রকাশ্য ঘোষণায় অন্যদের চেয়ে আগে প্রবেশাধিকার দিচ্ছে, যা মার্কিন সংবিধানের প্রথম ও পঞ্চম সংশোধনীর লঙ্ঘন।

ট্রাম্প মিডিয়া গত জুলাইয়ে জানায়, মাসে সর্বোচ্চ এক লাখ ডলার পরিশোধকারী গ্রাহকদের ট্রাম্প ও প্ল্যাটফর্মের অন্য ব্যবহারকারীদের ‘বাজারে প্রভাব ফেলতে পারে’ এমন পোস্ট আগাম দেখার সুযোগ দেওয়া হবে। এই সেবার নাম দেওয়া হয়েছে ট্রুথ এপিআই।

মামলায় বলা হয়েছে, ‘বাজারে প্রভাব ফেলতে পারে’ এমন সরকারি তথ্য ব্যক্তিগত কোম্পানির মাধ্যমে অর্থের বিনিময়ে দেওয়ায় এই ব্যবস্থা গুরুতর স্বার্থের সংঘাত তৈরি করেছে।

এছাড়াও মামলায় তার নির্বাহী সহকারী ন্যাটালি হার্প, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্ক্যাভিনো, প্রেসিডেন্টের নির্বাহী কার্যালয় ও হোয়াইট হাউস অফিসকে বিবাদী করা হয়েছে।

ট্রাম্প মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন ম্যাকগার্ন জানিয়েছেন, এখন পর্যন্ত ১০টির বেশি প্রতিষ্ঠানের সঙ্গে ট্রুথ এপিআই ব্যবহারের চুক্তি হয়েছে। এসব চুক্তির মাসিক মূল্য সাধারণত ৬০ হাজার থেকে এক লাখ ডলারের মধ্যে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার