বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের কলোরাডোতে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে গাড়ি
নিহত ১৭ বছরের পাঁচ কিশোর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৩:৫৮ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে গেলে পাঁচ কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মেসা কাউন্টি করোনার অফিস জানিয়েছে, নিহত পাঁচজনেরই বয়স ১৭ বছর এবং তারা সবাই গ্র্যান্ড জংশন এলাকার বাসিন্দা। শনিবার গভীর রাতে গ্র্যান্ড জংশনের একটি আবাসিক এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
গ্র্যান্ড জংশন পুলিশ বিভাগ জানায়, রোববার স্থানীয় সময় সকাল আটটার কিছু আগে লুকআউট লেনের ২০০০ ব্লকে একটি গাড়ি পাহাড়ের খাদে পড়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তল্লাশি চালিয়ে তারা পাহাড়ের ঢালে বিধ্বস্ত গাড়িটির সন্ধান পান। তবে সেখানে পৌঁছানোর পর উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলেই ওই পাঁচ কিশোরকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গাড়িটি লুকআউট লেন ধরে দক্ষিণ দিকে যাওয়ার সময় হঠাৎ রাস্তা থেকে ছিটকে পাহাড়ের খাড়া ঢাল বেয়ে নিচে পড়ে যায়। এই দুর্ঘটনার পেছনে গাড়ির অতিরিক্ত গতি অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করছে পুলিশ। করোনার অফিস সোমবার এক বিবৃতিতে জানায়, গাড়ির চালক ও সামনের সিটের যাত্রীর পাশাপাশি অপর একজন সিটবেল্ট পরা অবস্থায় ছিলেন। তবে বাকি দুজনের সিটবেল্ট বাঁধা না থাকায় দুর্ঘটনার প্রচণ্ড ধাক্কায় তারা গাড়ি থেকে ছিটকে বাইরে পড়ে যান।
একাধিক সংস্থার উদ্ধারকর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে দুর্ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেন। নিহতরা সবাই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় নীতিমালার কারণে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন। মর্মান্তিক এই ঘটনায় গ্র্যান্ড জংশন পুলিশ বিভাগ গভীর শোক প্রকাশ করেছে। বর্তমানে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।