বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে এইচ-১বি আবেদনে বড় ব্যবধান, ডেমোক্র্যাট এলাকায় ৫১লাখ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০২:১০ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট বা নির্বাচনী এলাকাগুলোতে গত এক দশকে এইচ-১বি (H-1B) ভিসার জন্য রিপাবলিকান এলাকার তুলনায় তিন গুণেরও বেশি আবেদন জমা পড়েছে। ‘লেঅফহেজ’ (LayoffHedge)-এর নতুন এক বিশ্লেষণে কেন্দ্রীয় শ্রম দপ্তরের এই তথ্য উঠে এসেছে।
২০১৫ অর্থবছর থেকে ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত প্রায় ৬৯ লাখ অনুমোদিত লেবার কন্ডিশন অ্যাপ্লিকেশনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত এলাকাগুলোতে এই আবেদনের সংখ্যা ছিল ৫১ লাখ ৭০ হাজার। অন্যদিকে, রিপাবলিকান নিয়ন্ত্রিত এলাকায় এর পরিমাণ ছিল মাত্র ১৬ লাখ ৯০ হাজার। বাকি ৫৬ হাজার ৫৯৬টি আবেদন বর্তমানে শূন্য থাকা চারটি আসন থেকে এসেছে।
সার্বিক পরিসংখ্যানে ডেমোক্র্যাটরা এগিয়ে থাকলেও সাম্প্রতিক প্রবৃদ্ধির চিত্রটি বেশ চমকপ্রদ। ২০১৯ থেকে ২০২৫ অর্থবছরের মধ্যে এইচ-১বি ভিসার আবেদন সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া শীর্ষ আটটি নির্বাচনী এলাকাই টেক্সাসের রিপাবলিকানদের দখলে রয়েছে।
লেঅফহেজের একজন মুখপাত্র জানিয়েছেন, এই তথ্য মূলত নিয়োগকর্তারা কোথায় কর্মীদের পদায়ন করতে চেয়েছেন তা নির্দেশ করে। এটি প্রমাণ করে না যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল এইচ-১বি ভিসার ব্যবহার বাড়াতে সরাসরি প্রভাব ফেলছে। উল্লেখ্য, এই পরিসংখ্যানটি সরাসরি ইস্যু করা ভিসা বা নির্দিষ্ট কোনো কর্মীর সংখ্যা নয়, বরং এটি লেবার কন্ডিশন অ্যাপ্লিকেশনের হিসাব, যা কোনো বিদেশি কর্মীকে নিয়োগের আবেদন করার আগে মার্কিন শ্রম দপ্তরে জমা দিতে হয়। একটি আবেদনের মাধ্যমে একাধিক কর্মীর জন্যও অনুরোধ করা যেতে পারে।
এই পরিসংখ্যান এমন এক সময়ে সামনে এল, যখন ট্রাম্প প্রশাসন আইনি অভিবাসনের পথ, বিশেষ করে এইচ-১বি ভিসা কর্মসূচিতে কড়াকড়ি আরোপের পদক্ষেপ নিচ্ছে। ক্ষমতায় ফেরার পর থেকেই বর্তমান প্রশাসন বার্ষিক এইচ-১বি লটারি ব্যবস্থা বাতিল করে উচ্চ বেতনের কর্মীদের অগ্রাধিকার দেওয়ার নিয়ম চালু করেছে।
এছাড়া ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে বায়োমেট্রিক স্ক্রিনিং ফি বৃদ্ধি এবং চাকরিচ্যুত কর্মীদের নতুন কাজ খোঁজার জন্য দেওয়া ৬০ দিনের ‘গ্রেস পিরিয়ড’ বাতিলের প্রস্তাবও করা হয়েছে। ট্রাম্প সমর্থক বা ‘মাগা’ (MAGA) আন্দোলনের কট্টরপন্থীদের দাবি, এই ভিসা কর্মসূচির মাধ্যমে মার্কিন কর্মীদের সরিয়ে বিদেশি কর্মীদের জায়গা দেওয়া হচ্ছে। অন্যদিকে, প্রযুক্তি খাতের কর্মকর্তা ও ব্যবসাবান্ধব রক্ষণশীলদের মতে, দক্ষ বিদেশি কর্মীদের প্রবেশ সীমিত করা হলে মার্কিন কোম্পানিগুলোর জন্য বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা এবং ব্যবসা সম্প্রসারণ কঠিন হয়ে পড়বে।
বিশ্লেষণে দেখা গেছে, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রধান প্রযুক্তি ও ব্যবসাকেন্দ্রগুলোতেই এইচ-১বি ভিসার আবেদন সবচেয়ে বেশি কেন্দ্রীভূত। এর মধ্যে ক্যালিফোর্নিয়ার ১৭তম ডিস্ট্রিক্ট (প্রতিনিধি রো খান্না) ৩ লাখ ২৩ হাজার ৯৬৬টি আবেদন নিয়ে শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে নিউইয়র্কের ১২তম এবং ক্যালিফোর্নিয়ার ১৬তম ডিস্ট্রিক্ট।
অন্যদিকে রিপাবলিকানদের মধ্যে শীর্ষে রয়েছে টেক্সাসের ৪নং ডিস্ট্রিক্ট, যেখানে আবেদনের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৮৯২টি। এরপরই রয়েছে জর্জিয়ার ৭নং এবং টেক্সাসের ২৪নং ডিস্ট্রিক্ট। শীর্ষ ১০টি ডিস্ট্রিক্ট মিলে মোট ১৭ লাখ ২৭ হাজার ৭৬৬টি আবেদন রেকর্ড করা হয়েছে, যা সারা দেশের ২১৯টি রিপাবলিকান নিয়ন্ত্রিত এলাকার মোট আবেদনের চেয়েও বেশি। লেঅফহেজ জানিয়েছে, মাত্র ৪০টি কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকেই মোট আবেদনের অর্ধেক জমা পড়েছে, যা প্রমাণ করে যে এইচ-১বি ভিসার ব্যবহার পুরো দেশে সমানভাবে নয়, বরং নির্দিষ্ট কিছু অঞ্চলে ব্যাপকভাবে কেন্দ্রীভূত।