Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

গ্রিনকার্ড ইন্টারভিউতে আইসিইর হাতে বউ আটক: মার্কিন সেনার ক্ষোভ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৫:৩৭ পিএম

গ্রিনকার্ড ইন্টারভিউতে আইসিইর হাতে বউ আটক: মার্কিন সেনার ক্ষোভ

বিজ্ঞাপন

সান দিয়েগোতে গ্রিন কার্ড ইন্টারভিউয়ে হাজির হওয়ার পর এক মার্কিন সেনা সদস্যের স্ত্রীকে আইসিই আটক করার ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সেনা সদস্য অভিযোগ করেছেন, বৈধভাবে গ্রিন কার্ডের প্রক্রিয়া অনুসরণ করেও তার স্ত্রীকে আটক করা হয়েছে, যা তাকে গভীরভাবে ‘প্রতারিত’ বোধ করিয়েছে। 

নিউজউইকের প্রতিবেদন অনুযায়ী, থাইল্যান্ডের নাগরিক চানিদাফন সোপিম্পা তার গ্রিন কার্ডের চূড়ান্ত ইন্টারভিউ দিতে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস অফিসে গেলে আইসিই এজেন্টরা তাকে আটক করে। তিনি মার্কিন মেরিন কোরের অবসরপ্রাপ্ত স্টাফ সার্জেন্ট স্যামুয়েল শাস্টিনের স্ত্রী। তাদের আইনজীবীর ভাষ্য, সোপিম্পা অতীতে ভিসার মেয়াদ অতিক্রম করে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও তার বিরুদ্ধে অন্য কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড নেই এবং তিনি বৈধভাবে গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়ায় ছিলেন। 

স্যামুয়েল শাস্টিন বলেন, দুই দশক ধরে দেশের সেবা করার পর এমন আচরণে তিনি নিজেকে প্রতারিত মনে করছেন। তার ভাষায়, দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করার পরও পরিবারের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া কঠিন। 

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্র নিউজউইককে বলেন, গ্রিন কার্ডের জন্য আবেদন করলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে বৈধ অভিবাসন মর্যাদা পেয়ে যান না। যাদের বিরুদ্ধে চূড়ান্ত বহিষ্কার আদেশ বা অন্য অভিবাসনসংক্রান্ত জটিলতা রয়েছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। 

এ ঘটনা একক নয়। সাম্প্রতিক মাসগুলোতে সক্রিয় দায়িত্বে থাকা সেনাসদস্য ও অবসরপ্রাপ্ত ভেটেরানদের একাধিক স্ত্রী ও পরিবারের সদস্যকে গ্রিন কার্ড বা অন্যান্য অভিবাসন-সংক্রান্ত সাক্ষাৎকারে হাজির হওয়ার সময় আইসিই আটক করেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের এক অনুসন্ধানে দেখা গেছে, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে অন্তত ৫০ জনের বেশি সেনা সদস্যের স্বামী-স্ত্রী বা বাবা-মাকে আটক করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যে বহিষ্কারও করা হয়েছে। 

অভিবাসন আইনজীবীরা বলছেন, অতীতে সামরিক পরিবারের সদস্যদের ক্ষেত্রে গ্রিন কার্ড প্রক্রিয়া চলাকালে এমন ধরনের আটক তুলনামূলকভাবে বিরল ছিল। তাদের মতে, সামরিক পরিবারের জন্য থাকা বিশেষ সুবিধা ও দীর্ঘদিনের প্রশাসনিক নীতির সঙ্গে বর্তমান বাস্তবতার বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলছে, সামরিক পরিবারের সদস্য হলেও কেউ অভিবাসন আইন থেকে অব্যাহতি পান না এবং প্রতিটি মামলা বিদ্যমান আইনের ভিত্তিতেই বিবেচনা করা হয়। 

এসব ঘটনা যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি, সামরিক পরিবারের সুরক্ষা এবং আইন প্রয়োগের ভারসাম্য নিয়ে নতুন করে জাতীয় বিতর্ক তৈরি করেছে। সামরিক সদস্যদের জন্য বিদ্যমান অভিবাসন সুবিধাগুলো ভবিষ্যতে কীভাবে কার্যকর হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার