Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইরানের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান কে এই আলী আবদোল্লাহি?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৩:৪১ এএম

ইরানের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান কে এই আলী আবদোল্লাহি?

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ‘প্রতিরক্ষা ঢাল’ হিসেবে কাজ করলে প্রতিবেশী দেশগুলোকে যুদ্ধের আগুনে পুড়তে হবে—সম্প্রতি এমন কড়া হুমকি দিয়ে আলোচনায় এসেছিলেন জেনারেল আলী আবদোল্লাহি। আর এবার যুক্তরাষ্ট্রের প্রতি যুদ্ধংদেহী এই জেনারেলকেই দেশের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান (চিফ অব স্টাফ) হিসেবে নিয়োগ দিয়েছেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

সোমবার সর্বোচ্চ নেতার ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতির মাধ্যমে এই নিয়োগের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। একই সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নতুন কমান্ডার-ইন-চিফ হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। নতুন এই দায়িত্ব পাওয়ার পাশাপাশি তাকে মেজর জেনারেল পদেও পদোন্নতি দেওয়া হয়েছে। মূলত শীর্ষ এই দুই পদে নিয়োগের মধ্য দিয়ে দেশের সামরিক বাহিনীর ওপর নিজের পূর্ণ নিয়ন্ত্রণ ও ক্ষমতার ছাপ স্পষ্ট করলেন মোজতবা খামেনি।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ হামলায় বাবার মৃত্যুর পর সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন মোজতবা খামেনি। দায়িত্ব গ্রহণের পর শীর্ষ সামরিক পদে এটিই তার প্রথম কোনো বড় রদবদল।

নতুন সেনাপ্রধান মেজর জেনারেল আলী আবদোল্লাহি এর আগে ‘খাতাম আল-আম্বিয়া’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এটি মূলত ইরানের বিভিন্ন সামরিক বাহিনীর অভিযানের মধ্যে সমন্বয়কারী একটি কেন্দ্রীয় কমান্ড।

চলমান এই যুদ্ধজুড়েই আবদোল্লাহি একাধিকবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণাত্মক হুমকি দিয়েছেন। চলতি মাসের শুরুতেই তিনি প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলেছিলেন, ‘যে দেশই অপরাধী ও আক্রমণাত্মক যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করবে, তাদেরই যুদ্ধের লেলিহান শিখায় ভস্মীভূত হতে হবে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার