বিজ্ঞাপন
যেভাবে দেখবেন আপনার নামে কত সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স জমা হয়েছে
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০২:২৩ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে চাকরি করা অনেকেই জানেন না, প্রতি বছর তাদের বেতন থেকে কত সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স কাটা হয়েছে, কর্মজীবনে এখন পর্যন্ত কত সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে অবসরে গেলে আনুমানিক কত টাকা মাসে পাওয়া যেতে পারে। অথচ সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের অনলাইন অ্যাকাউন্টে ঢুকেই এসব তথ্য দেখা যায়।
সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ‘মাই সোশ্যাল সিকিউরিটি’ অ্যাকাউন্টে যে কেউ নিজের আয়ের রেকর্ড, ভবিষ্যৎ সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের হিসাব এবং কত সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার ট্যাক্স দেওয়া হয়েছে, সেসব তথ্য দেখতে পারেন।
কীভাবে নিজের সোশ্যাল সিকিউরিটি রেকর্ড দেখবেন? প্রথমে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ‘মাই সোশ্যাল সিকিউরিটি’ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আগে থেকেই অ্যাকাউন্ট থাকলে লগইন করলেই হবে। অ্যাকাউন্টে ঢোকার পর সোশ্যাল সিকিউরিটি স্টেটমেন্টে গেলে কর্মজীবনের বিভিন্ন বছরের আয়ের রেকর্ড দেখা যায়।
কোন বছরে আপনার নামে কত সোশ্যাল সিকিউরিটি যোগ্য আয় রিপোর্ট হয়েছে, সেটি যাচাই করা যায়। পাশাপাশি ভবিষ্যতে সম্ভাব্য সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের হিসাবও দেখা যায়। সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বলছে, এই আয়ের রেকর্ড ভবিষ্যৎ বেনিফিট নির্ধারণে গুরুত্বপূর্ণ।
শুধু আয়ের রেকর্ড নয়, মাই সোশ্যাল সিকিউরিটি অ্যাকাউন্টে আপনার দেওয়া এবং এমপ্লয়ারদের দেওয়া আনুমানিক সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার ট্যাক্সের হিসাবও দেখা যায়। ফলে কর্মজীবনে এখন পর্যন্ত এই খাতে কত ট্যাক্স দেওয়া হয়েছে, সে সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।
ধরা যাক, একজন কর্মীর বছরে ১ লাখ ডলার বেতনে চাকরি করে তাহলে ২০২৬ সালে ওই কর্মীর সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সের হার ৬ দশমিক ২ শতাংশ। সে হিসাবে কর্মীর অংশে বছরে ৬ হাজার ২০০ ডলার সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স হয়। একই হারে এমপ্লয়ারও আরও ৬ হাজার ২০০ ডলার দেন এবং সেই হিসাবে টোটাল ১২৪০০ জমা হওয়ার কথা।
তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা জরুরি। এই অর্থ কোনো ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট বা আলাদা অবসরকালীন সঞ্চয় অ্যাকাউন্টে আপনার নামে জমা থাকে না। কর্মী ও এমপ্লয়ারদের দেওয়া সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স পুরো ব্যবস্থার অর্থায়নে ব্যবহৃত হয়। অন্যদিকে আপনার নামে যে আয় ও কাজের রেকর্ড রাখা হয়, সেটিই ভবিষ্যতে আপনি কত সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাওয়ার যোগ্য হতে পারেন, সেই হিসাবের গুরুত্বপূর্ণ ভিত্তি।
তাহলে আপনার নামে কত টাকা ‘জমা হয়েছে’ কীভাবে বুঝবেন? সাধারণভাবে অনেকে যেটাকে বলেন, ‘আমার নামে সোশ্যাল সিকিউরিটিতে কত টাকা জমেছে’, সেটি আসলে ব্যক্তিগত সঞ্চয়ের ব্যালান্স নয়। মাই সোশ্যাল সিকিউরিটি অ্যাকাউন্টে আপনার কর্মজীবনের আয়ের রেকর্ড এবং সেই রেকর্ডের ভিত্তিতে আনুমানিক কত সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার ট্যাক্স আপনি এবং আপনার এমপ্লয়ার দিয়েছেন, তা দেখা যায়।
অর্থাৎ, একজন কর্মী চাইলে নিজের অ্যাকাউন্টে ঢুকে বছরভিত্তিক আয়ের রেকর্ড যাচাই করতে পারবেন এবং কর্মজীবনে এখন পর্যন্ত সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সের আনুমানিক হিসাবও দেখতে পারবেন। অবসরে গেলে মাসে কত টাকা পাবেন, সেটিও দেখা যায়।মাই সোশ্যাল সিকিউরিটি অ্যাকাউন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধাগুলোর একটি হলো ভবিষ্যৎ রিটায়ারমেন্ট বেনিফিটের হিসাব। আপনার আয়ের রেকর্ডের ভিত্তিতে বিভিন্ন বয়সে বেনিফিট শুরু করলে আনুমানিক কত টাকা মাসে পেতে পারেন, সেটি সেখানে দেখা যায়।
সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের হিসাব অনুযায়ী, বেনিফিটের পরিমাণ আপনার কর্মজীবনের আয়ের ওপর নির্ভর করে। আপনি কত বছর কাজ করেছেন, কত আয় করেছেন এবং কখন বেনিফিট নেওয়া শুরু করছেন, এসব বিষয় হিসাবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অ্যাকাউন্টে ভবিষ্যৎ আয়ের সম্ভাব্য পরিবর্তন ধরে হিসাবও দেখার সুযোগ রয়েছে।
ফলে কেউ চাইলে নিজের অ্যাকাউন্টে গিয়ে দেখতে পারবেন ৬২ বছর বয়সে সোশ্যাল সিকিউরিটি নেওয়া শুরু করলে সম্ভাব্য মাসিক বেনিফিট কত হতে পারে, ফুল রিটায়ারমেন্ট এজে শুরু করলে কত হতে পারে এবং ৭০ বছর বয়সে শুরু করলে সম্ভাব্য পরিমাণ কত হতে পারে।
নিজের আয়ের রেকর্ড পরীক্ষা করা কেন গুরুত্বপূর্ণ ? সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন কর্মীদের নিজেদের আয়ের রেকর্ড যাচাই করার সুযোগ দেয়। কোনো বছরে আপনার আয় ভুলভাবে রিপোর্ট হলে সেটি ভবিষ্যৎ বেনিফিটের হিসাবেও প্রভাব ফেলতে পারে। তাই অবসরের কাছাকাছি গিয়ে প্রথমবার রেকর্ড দেখার পরিবর্তে কর্মজীবন থেকেই নিয়মিত তা যাচাই করা ভালো।
মাই সোশ্যাল সিকিউরিটি অ্যাকাউন্টে গিয়ে কোন কোন বছরের আয় রেকর্ড হয়েছে, তা দেখা যায়। কোনো তথ্য ভুল মনে হলে সেটি সংশোধনের জন্য সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যোগাযোগ করা যায়।
২০২৬ সালে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সের হিসাব? ২০২৬ সালে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সের জন্য সর্বোচ্চ করযোগ্য আয়ের সীমা ১ লাখ ৮৪ হাজার ৫০০ ডলার। এই সীমা পর্যন্ত আয়ের ওপর কর্মী এবং এমপ্লয়ার উভয়েই ৬ দশমিক ২ শতাংশ হারে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স দেন। ফলে একজন কর্মীর সর্বোচ্চ বার্ষিক সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স ১১ হাজার ৪৩৯ ডলার এবং এমপ্লয়ারকেও একই পরিমাণ দিতে হয়।
এর বেশি আয়ের ওপর সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স প্রযোজ্য নয়। তবে মেডিকেয়ার ট্যাক্সের ক্ষেত্রে এমন কোনো সর্বোচ্চ আয়ের সীমা নেই। সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাওয়ার যোগ্যতার জন্য কাজের ক্রেডিটও গুরুত্বপূর্ণ। ২০২৬ সালে প্রতি ১ হাজার ৮৯০ ডলার আয়ের জন্য একজন কর্মী একটি ক্রেডিট অর্জন করতে পারেন, তবে বছরে সর্বোচ্চ চারটি ক্রেডিট পাওয়া যায়। কতগুলো ক্রেডিট প্রয়োজন হবে, তা কোন ধরনের বেনিফিটের জন্য আবেদন করা হচ্ছে তার ওপর নির্ভর করে।
তাই যুক্তরাষ্ট্রে যারা চাকরি করছেন এবং নিয়মিত সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স দিচ্ছেন, তাদের জন্য নিজের ‘মাই সোশ্যাল সিকিউরিটি’ অ্যাকাউন্ট তৈরি করে রেকর্ড দেখে নেওয়া গুরুত্বপূর্ণ। এতে আপনার নামে কোন কোন বছরের আয় রেকর্ড হয়েছে, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সের আনুমানিক হিসাব কত এবং ভবিষ্যতে অবসরে গেলে মাসে কত বেনিফিট পাওয়া যেতে পারে, সে সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই তথ্য দেখতে কোনো তৃতীয় পক্ষকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের নিজস্ব অনলাইন অ্যাকাউন্ট থেকেই বিনামূল্যে নিজের আয়ের রেকর্ড, ট্যাক্সের হিসাব এবং ভবিষ্যৎ বেনিফিটের সম্ভাব্য পরিমাণ দেখা যায়।