Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

নতুন বাসিন্দা খুঁজছে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:১৯ পিএম

নতুন বাসিন্দা খুঁজছে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য ও শহর নতুন বাসিন্দা আকৃষ্ট করতে নগদ অর্থ, আবাসন সম্পর্কিত সুবিধা এবং বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে। বিশেষ করে দূরবর্তী বা রিমোট কর্মীদের আকৃষ্ট করতে এসব কর্মসূচি চালু করা হয়েছে। ওই সব স্টেট ও সিটির প্রকাশিত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এমন পাঁচটি জনপ্রিয় কর্মসূচির তথ্য তুলে ধরা হয়েছে।

তালিকার শীর্ষে রয়েছে ওয়েস্ট ভার্জিনিয়ার ‘অ্যাসেন্ড ওয়েস্ট ভার্জিনিয়া’ কর্মসূচি। এর আওতায় যোগ্য আবেদনকারীরা ১২ হাজার ডলার নগদ অর্থসহ মোট ২৩ হাজার ডলারেরও বেশি মূল্যের সুবিধা পেতে পারেন। এছাড়া বিনামূল্যে কো-ওয়ার্কিং স্পেস, আউটডোর সরঞ্জাম ভাড়ার সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধাও রয়েছে। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং ওয়েস্ট ভার্জিনিয়ার বাইরে অবস্থিত কোনো প্রতিষ্ঠানে পূর্ণকালীন রিমোট চাকরিতে থাকতে হবে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্ডিয়ানার নোবলসভিল শহর। ‘মেকমাইমুভ’ কর্মসূচির মাধ্যমে এখানে ১৫ হাজার ডলারের বেশি মূল্যের প্রণোদনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ৫ হাজার ডলার অনুদান, স্বাস্থ্য ও সুস্থতা ভাতা, কো-ওয়ার্কিং স্পেসের সদস্যপদ, স্থানীয় রেস্তোরাঁর গিফট কার্ডসহ আরও বিভিন্ন সুবিধা।

ওকলাহোমার তুলসা শহরের ‘তুলসা রিমোট’ কর্মসূচির আওতায় যোগ্য রিমোট কর্মীরা ১০ হাজার ডলারের বেশি সহায়তা পেতে পারেন। তবে আবেদনকারীকে ওকলাহোমার বাইরে বসবাসকারী হতে হবে, যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার অনুমতি থাকতে হবে এবং অনুমোদনের পর ১২ মাসের মধ্যে তুলসায় স্থানান্তরিত হতে হবে।

কেন্টাকির মেফিল্ড ও গ্রেভস কাউন্টিতে স্থানান্তরকারীদের জন্য প্রায় ৮ হাজার ৮০০ ডলারের সুবিধা রয়েছে। এতে ৫ হাজার ডলার নগদ অর্থের পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্যপণ্য, ওয়াইএমসিএ সদস্যপদ, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগসহ বিভিন্ন সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। এ কর্মসূচির জন্য আবেদনকারীকে বছরে অন্তত ৬০ হাজার ডলার আয়কারী রিমোট কর্মী হতে হবে এবং স্থানান্তরের আগে কেন্টাকির বাইরে বসবাস করতে হবে।

এছাড়া আলাস্কার ‘পার্মানেন্ট ফান্ড ডিভিডেন্ড’ কর্মসূচির আওতায় নির্ধারিত শর্ত পূরণকারী বাসিন্দারা প্রতিবছর অঙ্গরাজ্যের খনিজ সম্পদ থেকে অর্জিত বিনিয়োগ আয়ের একটি অংশ পান। এটি স্থানান্তরের জন্য দেওয়া বোনাস নয়; বরং যোগ্য আলাস্কা বাসিন্দাদের জন্য বার্ষিক লভ্যাংশ। ২০২৫ সালে এই কর্মসূচির আওতায় প্রত্যেক যোগ্য বাসিন্দা ১ হাজার ডলার পেয়েছিলেন।

এসব কর্মসূচির লক্ষ্য হলো দক্ষ কর্মীদের আকৃষ্ট করা, জনসংখ্যা বৃদ্ধি করা এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা। তবে প্রতিটি কর্মসূচির জন্য যোগ্যতার শর্ত আলাদা। কোথাও রিমোট চাকরি বাধ্যতামূলক, কোথাও ন্যূনতম আয়ের শর্ত রয়েছে, আবার কোথাও নির্দিষ্ট সময় বসবাসের অঙ্গীকার করতে হয়। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট কর্মসূচির শর্তাবলি ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার