বিজ্ঞাপন
এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী নিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৯:২৩ পিএম
বিজ্ঞাপন
ইংলিশ চ্যানেল পেরিয়ে একটি মাত্র নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন। সোমবার ভোরে ডোভার উপকূলে পৌঁছানো এই বড় আকারের ইনফ্ল্যাটেবল নৌকাটি এখন পর্যন্ত এক নৌযানে চ্যানেল পাড়ি দেওয়ার সর্বোচ্চ সংখ্যার নতুন রেকর্ড তৈরি করেছে। ঘটনাটিকে যুক্তরাজ্যের জন্য ‘জাতীয় নিরাপত্তা সংকট’ হিসেবে উল্লেখ করেছেন রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ।
প্রতিবেদন অনুযায়ী, নৌকাটি স্থানীয় সময় ভোর সাড়ে ২টার দিকে ডোভারে পৌঁছায়। এতে থাকা ২৩০ জন অভিবাসীকে ব্রিটিশ কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়। এর আগে এক নৌকায় ইংলিশ চ্যানেল পার হওয়ার সর্বোচ্চ সংখ্যা ছিল ১৬৫ জন। নতুন ঘটনায় সেই রেকর্ড উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে নৌকাটিকে ‘মেগা-ডিঙ্গি’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এর ধারণক্ষমতা একটি বোয়িং ৭৩৭ বিমানের কাছাকাছি বলে উল্লেখ করা হয়েছে। বিপজ্জনক ও অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার প্রবণতা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। চলতি মাসের শুরুতে ১৭৩ জনকে বহনকারী একটি নৌকার ইঞ্জিনে আগুন লাগার পর সেটি উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছিল।
রেকর্ডসংখ্যক অভিবাসী এক নৌকায় যুক্তরাজ্যে পৌঁছানোর ঘটনাকে কেন্দ্র করে ফারাজ ব্রিটিশ সরকারের অভিবাসন নীতির সমালোচনা করেছেন। তিনি এটিকে ‘জাতীয় নিরাপত্তা সংকট’ হিসেবে আখ্যা দিয়ে ইংলিশ চ্যানেল দিয়ে ছোট নৌকায় অভিবাসীদের আগমন ঠেকাতে আরও কঠোর পদক্ষেপের প্রয়োজন বলে দাবি করেছেন।
রিফর্ম ইউকে এরই মধ্যে ‘অপারেশন ফোর্ট্রেস’ নামে একটি পরিকল্পনা ঘোষণা করেছে। দলটির প্রস্তাব অনুযায়ী, ক্ষমতায় গেলে রয়্যাল নেভি ও রয়্যাল মেরিনসকে ব্যবহার করে ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকা আটকে দেওয়া এবং ফ্রান্সে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।
তবে এই পরিকল্পনা নিয়ে বিতর্ক রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বিশেষজ্ঞদের উদ্ধৃত করে বলা হয়েছে, সমুদ্রে নৌকা আটকে অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনাটি বাস্তবে কার্যকর করা কঠিন এবং এর আইনি ও নিরাপত্তাগত জটিলতাও রয়েছে।
সাম্প্রতিক রেকর্ডের সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, চলতি বছর এখন পর্যন্ত ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া মানুষের মোট সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। দ্য টাইমসের হিসাবে, ২০২৬ সালে এ পর্যন্ত ১৪ হাজার ৮১৯ জন ছোট নৌকায় যুক্তরাজ্যে পৌঁছেছেন, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৪৩ শতাংশ কম। একই সময়ে ব্রিটিশ ও ফরাসি কর্তৃপক্ষ অবৈধ চ্যানেল পারাপার ঠেকাতে নজরদারি ও উপকূলীয় টহল জোরদার করেছে।
তবে মোট সংখ্যা কমলেও একটি নৌকায় বিপুলসংখ্যক মানুষ পাঠানোর মতো নতুন কৌশল নিয়ে উদ্বেগ বাড়ছে। অতিরিক্ত যাত্রী বহনকারী এসব নৌকা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে এবং মানবপাচারকারীদের কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করছে। ফলে সাম্প্রতিক রেকর্ডটি যুক্তরাজ্যের অভিবাসন সংকট নিয়ে রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করেছে।