বিজ্ঞাপন
ছোট নৌকায় চ্যানেল পেরিয়ে ব্রিটেনে ৩৪৩ অভিবাসী
ইনফোমাইগ্র্যান্টস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৪ পিএম
বিজ্ঞাপন
উত্তর ফ্রান্সের উপকূল থেকে দুই দিনে ৩৪৩ জন অনিয়মিত অভিবাসী ব্রিটিশ উপকূলে পৌঁছেছেন। আলোচিত অভিবাসন বিষয়ক ব্রিটিশ সাংবাদিক সিমন জন্স এসব তথ্য জানিয়েছেন।
সিমন জন্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত কয়েকটি পোস্টে এসব তথ্য জানিয়েছেন৷
তিনি জানান, শুক্রবার (২৫ জুলাই) মোট পাঁচটি নৌকায় করে ২৪০ জন অভিবাসী ইংল্যান্ডের ডোভারে পৌঁছেছেন৷
এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুটি নৌকায় করে ১০৩ জন অভিবাসী ডোভারে পৌঁছান৷
এর আগে বুধবার (২৩ জুলাই) একটি ছোট নৌকায় একসঙ্গে ১৬৫ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন, যা এখন পর্যন্ত একটি নৌকায় সর্বোচ্চ সংখ্যক মানুষের আগমন বলে জানিয়েছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৯৫টি ছোট নৌকায় করে ১২ হাজার ৬৪১ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন৷
গত বছরের একই সময়ে ৪০৪টি ছোট নৌকায় করে ২৩ হাজার ৬৬৬ জন অভিবাসী এই পথে যুক্তরাজ্যে পৌঁছেছিলেন৷
এদিকে, চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাজ্য ও ফ্রান্স তিন বছরের একটি চুক্তি স্বাক্ষর করে৷ এর আওতায় ছোট নৌকা যেসব সৈকত থেকে যাত্রা শুরু করে, সেখানে টহল জোরদারে ফ্রান্সকে ৬৬২ মিলিয়ন পাউন্ড (৭৭১ মিলিয়ন ইউরো) দেওয়া হবে৷
অন্যদিকে, অভিবাসন ইস্যুতে নিজেদের অভ্যন্তরীণ নীতিও আরও কঠোর করছে যুক্তরাজ্য সরকার৷
যাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে ছোট নৌকায় চ্যানেল পারাপারের ঘটনায় ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়া নতুন আইনের আওতায় গত সপ্তাহে এক আফগান তরুণকে প্রথমবারের মতো দোষী সাব্যস্ত করা হয়েছে৷