Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিজ্ঞাপন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হওয়ায় তেলের দাম বেড়ে গেছে। এতে করে মুদ্রাস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা যেমন তৈরি হয়েছে, তেমনি মার্কিন ফেডারেল রিজার্ভ চলতি বছরের শেষের দিকে সুদের হার বাড়াতে বাধ্য হতে পারে—এমন উদ্বেগও দেখা দিয়েছে। যার ফলে সুদবিহীন সম্পদ স্বর্ণের বাজারে মন্দা দেখা গেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বেলা ২টা ৩৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৯১ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে। আর আগামী আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৯৩ দশমিক ৮০ ডলারে নেমে এসেছে।

ট্রাডু.কম-এর সিনিয়র মার্কেট অ্যানালিস্ট নিকোস জাবুরাস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ভূ-রাজনৈতিক উত্তেজনা, তেলের উচ্চমূল্য এবং দীর্ঘ সময় ধরে সুদের হার বেশি থাকার সম্ভাবনা স্বর্ণের ওপর চাপ তৈরি করেছে। আগামী দিনে মূল্যবান এই ধাতুর দাম আরও কমে ৩ হাজার ৯০০ ডলারে নেমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ৮৫ ডলার, প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৬২৯ দশমিক ৬৩ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ২৭২ দশমিক ০৩ ডলারে নেমে এসেছে।

এদিকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের গহনার দাম পড়ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার