Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

শব্দ থেকে বিদ্যুৎ বানিয়ে ওমানি তরুণীর বাজিমাত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৫:৩৭ এএম

শব্দ থেকে বিদ্যুৎ বানিয়ে ওমানি তরুণীর বাজিমাত

বিজ্ঞাপন

ওমানের এক তরুণী শব্দদূষণ থেকে বিদ্যুৎ তৈরির চমকপ্রদ এক পদ্ধতি উদ্ভাবন করেছেন। ব্যস্ত রাস্তা বা কারখানার কান ফাটানো কোলাহল এখন আর কেবল বিরক্তির কারণ নয়, বরং তা হতে পারে নবায়নযোগ্য শক্তির এক নতুন উৎস। আমনা কায়েদ আল জাবরি নামের এই ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর অভিনব উদ্ভাবন ইতোমধ্যেই দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দারুণ সাড়া ফেলেছে।

উচ্চ বিদ্যালয়ের শেষ বর্ষে পদার্থবিজ্ঞানে শব্দতরঙ্গ নিয়ে পড়ার সময় এই ধারণার জন্ম হয় আমনার মনে। তিনি বুঝতে পারেন, শব্দ যেহেতু এক প্রকার শক্তি, তাই একে অনায়াসেই বিদ্যুতে রূপান্তর করা সম্ভব। সেই ভাবনা থেকেই দীর্ঘ গবেষণা আর নিরলস পরীক্ষানিরীক্ষার পর তিনি এমন এক প্রযুক্তি তৈরি করেন, যা শব্দশক্তিকে প্রথমে তাপে এবং পরে থার্মোইলেক্ট্রিক প্রযুক্তির সাহায্যে সরাসরি বিদ্যুতে পরিণত করে। উদ্ভাবনের বিস্তারিত কৌশল আপাতত গোপন রাখলেও আমনা মনে করেন, পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান যে কতটা কার্যকর হতে পারে, তার অনন্য দৃষ্টান্ত হতে চলেছে এই প্রকল্প।

এই প্রযুক্তি কেবল নবায়নযোগ্য শক্তির জগতেই নয়, বরং স্বাস্থ্যখাতেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বিশেষ করে বিদ্যুতহীন প্রত্যন্ত অঞ্চলে ছোটখাটো চিকিৎসা সরঞ্জাম ও সেন্সর সচল রাখতে এটি দারুণ সহায়ক হবে। নিজের এই যুগান্তকারী কাজের স্বীকৃতিস্বরূপ আমনা এখন আন্তর্জাতিক অঙ্গনে ওমানের প্রতিনিধিত্ব করছেন। ১৯ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত লন্ডনে আয়োজিত ৬৭তম ইন্টারন্যাশনাল ইয়ুথ সায়েন্স ফোরামে অংশ নিচ্ছেন তিনি। নিজের এই অর্জনকে স্বপ্নপূরণ আখ্যা দিয়ে আমনা তরুণদের উদ্দেশে বলেন, প্রতিটি সফল উদ্যোগই একটি সাধারণ ধারণা থেকে শুরু হয়; সদিচ্ছা আর অধ্যবসায় থাকলে সেই ধারণাই একদিন বিশ্বজয়ের হাতিয়ার হয়ে ওঠে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার