Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৪:৩৬ এএম

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

বিজ্ঞাপন

ভারতের রাজধানী দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির ডাকা সংসদ অভিযান ঘিরে দলটির সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের জেরে মধ্য দিল্লির কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস।

তিনি অভিযোগ করেন, আন্দোলন চলাকালে লাদাখের পরিবেশ আন্দোলনকারী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর সঙ্গেও পুলিশ অসদাচরণ করেছে।

জানা গেছে, রোববার রাত থেকেই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা আন্দোলনকারীরা দিল্লির যন্তর মন্তরে জড়ো হতে শুরু করেন। সোমবার সংসদের বাদল অধিবেশন শুরু হলে তাঁরা সংসদ ভবনের দিকে পদযাত্রা করেন। এ সময় পুলিশ বাধা দিলে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা সংসদ ভবনের কাছে রেল ভবন এলাকায় পৌঁছালে তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। আন্দোলনে অংশ নেওয়া গীতাঞ্জলি আংমো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।

এদিকে সিজেপির সহপ্রতিষ্ঠাতা সৌরভ দাস জানান, তাঁদের একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করতে যায় এবং তাঁর কাছে একটি হলফনামা জমা দেয়।

আলোচনার উদ্যোগ নেওয়ায় আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক অনশনরত নেতা অভিজিৎ দীপকেকে অনশন ভাঙার অনুরোধ জানিয়েছেন। তবে গীতাঞ্জলি আংমো জানিয়েছেন, সোনম ওয়াংচুকের অনশন এখনো অব্যাহত রয়েছে।

সোমবার দুপুরের দিকে সৌরভ দাস জানান, পুলিশ অভিজিৎ দীপকেকে আটক করেছে।

সম্প্রতি ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২১ জন শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ সামনে আসে। এ ঘটনার প্রতিবাদে এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টি। এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশনে যোগ দেন শিক্ষাকর্মী ও পরিবেশ আন্দোলনকারী সোনম ওয়াংচুক।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার