বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রকে নতুন হুমকি, যুদ্ধ আরও ছড়িয়ে দেয়ার হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:০২ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র ইরানে হামলা অব্যাহত রাখলে যুদ্ধ নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়াতে চায় না বলেও দাবি করেছে দেশটি। অন্যদিকে ইরানের একাধিক বিমান হামলা প্রতিহত করার কথা জানিয়েছে বাহরাইন।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, টেলিগ্রামে দেয়া এক বার্তায় ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরাম-নিয়া এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকলে যুদ্ধ নতুন নতুন এলাকায় বিস্তৃত হবে।’
তিনি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বড় একটি অংশ এখনও দেখানো হয়নি। দেশের বিরুদ্ধে যেকোনও বৈরী পদক্ষেপ অব্যাহত থাকলে পরিস্থিতি অনুযায়ী ইরান জবাব দেবে। আর সেই জবাব শত্রুপক্ষের প্রত্যাশাকেও ছাড়িয়ে যাবে। একই সঙ্গে সংঘাতের নতুন ক্ষেত্র তৈরি হবে।’
অন্যদিকে ইরানের আরেক সামরিক কর্মকর্তা এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালালে আঞ্চলিক অবকাঠামো ‘গুঁড়িয়ে দেয়া হবে’ বলে হুঁশিয়ারি দিলেও সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরাম-নিয়া বলেছেন, তেহরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে যেতে চায় না।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রতিবেশী দেশ কিংবা অঞ্চলের ইসলামি দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর কোনও ইচ্ছা ইরানের নেই। বরাবরই আমরা আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘ইরানের জনগণের নিরাপত্তা, স্বার্থ ও মর্যাদা রক্ষা করাই সশস্ত্র বাহিনীর প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে তারা কোনও ধরনের চেষ্টা বাকি রাখবে না।’
আকরাম-নিয়া বলেন, ‘এই অঞ্চলের দেশগুলো পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইরানের সঙ্গে সম্পর্ক রাখুক। দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত।’
এদিকে বাহরাইনের সেনাবাহিনী দাবি করেছে, ইরান উপসাগরীয় দেশটিতে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ‘অশুভ হামলা’ চালিয়ে যাচ্ছে। এক বিবৃতিতে বাহরাইনের সেনাবাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বৃহস্পতিবার ইরানের একাধিক হামলা শনাক্ত, প্রতিহত ও ধ্বংস করেছে।
এ ঘটনায় সবাইকে সতর্ক থাকতে এবং ইরানের হামলার ধ্বংসাবশেষ থেকে সৃষ্টি হওয়া অপরিচিত বা সন্দেহজনক কোনও বস্তুর কাছে না যাওয়ার আহ্বান জানিয়েছে বাহরাইন।
এর আগে ইরানের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের নতুন হামলার প্রভাব এবং হরমুজ প্রণালিতে তেল সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকির মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। বৃহস্পতিবার সকালে জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৪ সেন্ট বা শূন্য দশমিক ৫২ শতাংশ কমে ৮৪ দশমিক ৫১ ডলারে নেমে আসে।
এর আগে সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি প্রাণঘাতী হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল।